ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন কাঁচাবাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল, কাপ্তান, বাসাবো বউ ও নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বাসাবো বউ বাজারে অবৈধভাবে ফুটপাত দখল ও আইন অমান্যের দায়ে দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয়ের রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।
ফকিরাপুল বাজারে বাজার তদারকি করেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। কাপ্তান বাজারে দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তাঁরা ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলীর নেতৃত্বে মনিটরিং করা হয়। অঞ্চল-৫–এর ৭ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে একই কাজ করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লা।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

