নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে নিজেও গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (৫৮)। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুটি সংগঠনেরই কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
গ্রেপ্তার সাব্বির আহমদ উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাঁকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। পরে পুলিশ তাঁকেও গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর শুক্রবার দুজনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।

