সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এতে উল্লেখ করা হয়, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতির কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে, এমন যেকোনো আগ্রাসনকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও জানানো হয়। এর আগে মক্কার পর এবার মদিনায় হামলার দাবি করে হুথিদের দায়ী করেছে সৌদি আরব।

