ণতন্ত্রের দাবিতে রাজপথে প্রাণ দেওয়া শহীদ নূর হোসেনের মৃত্যুদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে ঢাকায় গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়।
সেদিন মিছিলের সামনের সারিতে ছিলেন নূর হোসেন। তাঁর খালি শরীরের বুকে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’, আর পিঠে ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’। এই দুটি স্লোগান নিয়েই তিনি স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অংশ নেন এবং পুলিশের গুলিতে প্রাণ হারান।
বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে নূর হোসেনের আত্মত্যাগকে তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর মৃত্যুর পর স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পায়। রাজপথের সেই লড়াই অব্যাহত থাকে এবং এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে।
নূর হোসেনের আত্মদান তাই শুধু একটি মৃত্যুর ঘটনা নয়। এটি গণতন্ত্রের জন্য সাধারণ মানুষের সাহস ও ত্যাগের প্রতীক হয়ে আছে। প্রতিবছর এই দিনে তাঁকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

