চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের সময় ঢাকার বিভিন্ন বস্তি ও দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়া দিল্লির অংশ হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে কয়েকজন চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমারের বিরুদ্ধে। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেকোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’
তিনি আরও বলেন, ঢাকার দৃশ্যকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের ব্যবহার করে ভুয়া ও বানানো গল্প ছড়ানো হলে এতে সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁদের নেপথ্যে যারা কাজ করছেন, উভয়েরই বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
জয়সওয়াল বলেন, ‘ঢাকাকে দিল্লি বলে চালিয়ে দেওয়ার জন্য বিদেশি ব্যক্তিদের ব্যবহার করার চেষ্টার বিষয়ে বলতে গেলে—এ ধরনের ভুয়া ও বানানো গল্প ছড়ানোর ফলে যারা এসব কাজ করছে এবং যারা এদের নেপথ্যে কলকাঠি নাড়ছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হচ্ছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব তারা যেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।’
মাসের পর মাস ধরে ভিডিও ধারণের অভিযোগ
সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমার ঢাকার বস্তি ও নিম্নআয়ের মানুষের বসবাসের বিভিন্ন এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছেন। পরে সেই দৃশ্যগুলোকে নয়া দিল্লির অংশ বলে দাবি করে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব ভ্লগার সাধারণত দুটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে সরু গলি ও রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা লাইভ স্ট্রিমিং করেন। কেউ কেউ ফুটেজ ধারণের জন্য স্থানীয় মানুষের বাড়িতেও প্রবেশ করেছেন।
এ ধরনের কর্মকাণ্ড কয়েক মাস ধরে চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে যাঁদের বাড়ি বা এলাকার দৃশ্য ধারণ করা হচ্ছে, তাঁদের অনেকেই জানেন না সেই ফুটেজ শেষ পর্যন্ত কোথায় প্রকাশিত হচ্ছে কিংবা দর্শকদের কাছে সেটিকে কোন শহর বা দেশের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
‘ভুয়া গল্প’ ছড়ানো নিয়ে ভারতের আপত্তি
ভারতের আপত্তির মূল জায়গা হলো ঢাকার দরিদ্র এলাকার দৃশ্যকে নয়া দিল্লির বাস্তব চিত্র হিসেবে তুলে ধরা। নয়াদিল্লির মতে, এ ধরনের উপস্থাপন শুধু ভুল তথ্য ছড়ায় না, বরং একটি দেশের ভাবমূর্তি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করার চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে সরাসরি শুধু ভিডিও নির্মাতাদের নয়, তাঁদের নেপথ্যে কেউ থাকলে তাঁদেরও দায়ের আওতায় আনার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

