জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা পেতে রোগী ও স্বজনদের ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষার সিরিয়ালের জন্য মধ্যরাত থেকে লাইন, প্রশাসনিক ভবনের সামনের মেঝেতে রাত কাটানো, রেডিওথেরাপির জন্য মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা, এ চিত্রই এখন দেশের একমাত্র বৃহৎ সরকারি বিশেষায়িত ক্যানসার হাসপাতালের নিত্যদিনের বাস্তবতা। অন্যদিকে সামর্থ্যবানদের একটি বড় অংশ চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত বা চীনে।
গত ১৫ অক্টোবর ভোর সাড়ে চারটার কিছু আগে মহাখালীর এই হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে প্রায় পঞ্চাশজন মানুষ শুয়ে-বসে আছেন। কেউ পাটি বা মাদুর বিছিয়েছেন, কেউ শুয়ে আছেন খালি মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন, কারও পায়ের কাছে জ্বলছে মশার কয়েল। গরমে কেউ কেউ হাতপাখা নেড়ে বাতাস করছেন।

তাঁদেরই একজন ইসমত আরা বেগম। বয়স ষাটের বেশি, শরীর রোগা, কিন্তু পা ফোলা। জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত এই নারী থেকে থেকেই ব্যথায় চিৎকার করে উঠছিলেন। স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া কিছুই করতে পারছিলেন না। বোনের ছেলে ফারুক হাওলাদার জানান, মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসে তাঁরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তিন দিন আগে তাঁকে পাঠানো হয় ক্যানসার ইনস্টিটিউটে। চিকিৎসকেরা তিন দিন ধরে নানা পরীক্ষা করাতে বলছেন, কিন্তু ভর্তি করানো যায়নি। পরীক্ষার ফল দেখে ভর্তির সিদ্ধান্ত হবে বলে তাঁদের জানানো হয়েছে।
ফারুক জানান, রাতে ইসমত আরাকে নিয়ে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে থাকেন। সকাল হলেই আনসাররা বাঁশি বাজিয়ে জায়গা ছেড়ে দিতে বলেন। তখন ধরাধরি করে রোগীকে ভবনের ভেতরে নিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়। অসহায়ত্ব আর ক্ষোভ নিয়ে ফারুক বলেন, গরিব বলেই তাঁরা সরকারি হাসপাতালে এসেছেন, অথচ রোগীকে এভাবে রাখলে বাঁচানো যাবে কীভাবে। সেদিনই রাত নয়টায় ইসমত আরা মারা যান। হাসপাতালে টানাহেঁচড়াই সার হলো, ভর্তি করানো গেল না, এই আক্ষেপ ঝরে পড়ে ফারুকের কণ্ঠে।
রেডিওথেরাপির সিরিয়ালের ভোগান্তি আরও দীর্ঘ। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা টিপু সুলতান স্ত্রী মাজেদা খাতুনের স্তন ক্যানসারের চিকিৎসায় সিরিয়াল চেয়ে পেয়েছিলেন ২০২৭ সালের মে মাসের তারিখ। গত বছর ২২ অক্টোবর তিনি ফেসবুকে লিখেছিলেন, রেডিওথেরাপি এখনই দরকার, অথচ এত দিন অপেক্ষা করবেন কীভাবে। তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে গত বছর। প্রথমে কেমোথেরাপি হয়, গত সেপ্টেম্বরে ইনস্টিটিউটে হয় অস্ত্রোপচার। পোস্টটি হাসপাতালের পরিচালকের নজরে এলে তিনি দেখা করতে বলেন। অবশেষে ১০ নভেম্বর রেডিওথেরাপি শুরুর প্রস্তুতিমূলক সিটি সিমুলেশন পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন আশা করা হচ্ছে, ২০২৭ সালের মে পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান এই হাসপাতাল। উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতাল থেকে ক্যানসার রোগী ও সন্দেহভাজনদের এখানেই পাঠানো হয়। দরিদ্র রোগীদের শেষ ভরসাও এটি, কারণ এখানে রোগ নির্ণয়ের খরচ ও ওষুধের দাম কম, চিকিৎসা বিনা মূল্যে। কিন্তু চাপ এতটাই বেশি যে চিকিৎসকদের বাছাই করতে হচ্ছে, কোন রোগীর বাঁচার সম্ভাবনা বেশি। চিকিৎসকেরা বিষয়টি স্বীকারও করেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ বলেন, রোগী সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, যাঁর এখন রেডিওথেরাপি দরকার, তাঁকে ২০২৭ বা ২০২৮ সালে সিরিয়াল দেওয়া আর না দেওয়া একই কথা। তাই ছয় সপ্তাহ পরপর স্বজনদের যোগাযোগ করতে বলা হয়েছে, যাতে সিরিয়াল পাওয়া গেলে জানানো যায়। চাপ সামলাতে এখন তিন পালায় রাত পর্যন্ত রেডিওথেরাপি দেওয়া হচ্ছে, তবু রোগীর চাপ কমছে না।
সংকটের আকার বোঝা যায় সংখ্যায়। দেশে ক্যানসারের সঠিক পরিসংখ্যান নেই, কারণ এ নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জরিপ হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের সর্বশেষ (২০২৪ সাল) হিসাব বলছে, দেশে প্রতিবছর ১ লাখ ৮৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং মারা যান ১ লাখ ৩৮ হাজার। গত পাঁচ বছরের রোগীসহ ক্যানসারে ভুগছেন ৩ লাখ ৫৮ হাজার মানুষ। গড় হিসাবে প্রতি ঘণ্টায় ২১ জনের ক্যানসার ধরা পড়ছে, আর মারা যাচ্ছেন ১৬ জন। দেশে ৩২ ধরনের ক্যানসারের প্রকোপ দেখা যায়। প্রধান পাঁচটি হলো খাদ্যনালি, ফুসফুস, পাকস্থলী, ঠোঁট ও মুখগহ্বর এবং জরায়ুমুখের ক্যানসার। নারীদের ক্ষেত্রে শীর্ষ পাঁচে আছে জরায়ুমুখ, স্তন, খাদ্যনালি, ফুসফুস ও পাকস্থলীর ক্যানসার।
বিশেষজ্ঞরা বলছেন, এসব হিসাব দিয়ে প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। তিনজন ক্যানসার বিশেষজ্ঞ ও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনই একটি দেশের পরিস্থিতি সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. খালেকুজ্জামানের নেতৃত্বে একদল গবেষক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এমন নিবন্ধনের কাজ করছেন। আড়াই লাখ মানুষের মধ্যে সেখানে ১১৬ জনের ক্যানসার শনাক্ত হয়েছে। গবেষকেরা দেখেছেন, রোগ ধরা পড়ার পরও ৭ দশমিক ৪ শতাংশ রোগী কোনো চিকিৎসা নেন না। তবে এক উপজেলার তথ্য সারা দেশের প্রতিনিধিত্ব করে না। খালেকুজ্জামানের মতে, দেশের আট থেকে ১০টি অঞ্চলে এ ধরনের নিবন্ধন করা গেলে বাস্তব চিত্র বোঝা যাবে।
অবকাঠামোর ঘাটতি এ সংকটের বড় কারণ। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০ লাখ মানুষের জন্য অন্তত একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, যেখানে থাকবে ন্যূনতম একটি রেডিওথেরাপি যন্ত্র। কারণ অন্তত ৬০ শতাংশ ক্যানসার রোগীর রেডিওথেরাপি লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশে ক্যানসার যাচাই ও দ্রুত রোগ শনাক্তের ব্যবস্থা কম, নির্ভরযোগ্য পরীক্ষাকেন্দ্র ও প্রশিক্ষিত জনবলেরও ঘাটতি আছে।
অধ্যাপক মোস্তফা আজিজ জানান, দেশে ২০০ থেকে ২৫০টি রেডিওথেরাপি যন্ত্র দরকার, কিন্তু আছে মাত্র ৩১টি। এর মধ্যে সরকারি খাতে আছে সাতটি। জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ছাড়া বাকি সরকারি যন্ত্রগুলো আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারে পরমাণু শক্তি কমিশনের একটি ইউনিট, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি ২৪টি যন্ত্র বেসরকারি হাসপাতালে, যার প্রায় সবই রাজধানীতে। ফলে ক্যানসার চিকিৎসা মূলত ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের ভাষায়, দেশের ক্যানসার সেবা অসংগঠিত, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ, তাই রোগীর এত ভোগান্তি। এই ভোগান্তি শুধু একটি প্রতিষ্ঠানে নয়, প্রায় সব সরকারি-বেসরকারি হাসপাতালেই। তিনি আরও বলেন, ক্যানসার নিয়ে দেশে কোনো ‘ফাদার ফিগার’ নেই। ডায়াবেটিস, হৃদ্রোগ বা কলেরা-ডায়রিয়ার ক্ষেত্রে যেমন নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান দেখা গেছে, ক্যানসারে তা দেখা যায়নি।
অপচয় ও অব্যবস্থাপনার উদাহরণও আছে। বিশেষজ্ঞদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে একের পর এক ভবন হয়েছে, কিন্তু যথেষ্ট জনবল নিয়োগ হয়নি। অনেক যন্ত্র কেনা হলেও তা অব্যবহৃত পড়ে আছে। ২০১২ সালে চাহিদা না থাকা সত্ত্বেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ কোটি টাকা দামের একটি লিনিয়ার এক্সিলারেটর পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আ ফ ম রুহুল হক। যন্ত্রটি চালানোর জন্য প্রয়োজনীয় বিশেষ কক্ষ ও জনবল ওই হাসপাতালে ছিল না। যন্ত্রটি বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে আছে, একদিনও ব্যবহার হয়নি। এ ছাড়া লিনিয়ার এক্সিলারেটরের মতো যন্ত্র পরিচালনায় মেডিক্যাল ফিজিসিস্ট দরকার হলেও ২০০৬ সাল থেকে বিশেষজ্ঞরা বলে আসার পরও সরকারি হাসপাতালে এই পদে নিয়োগ হয়নি।
খোদ জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের অবস্থাও নাজুক। রেডিয়েশন অনকোলজি বিভাগের পাঁচটি যন্ত্র (দুটি লিনিয়ার এক্সিলারেটর, দুটি সিমুলেটর ও একটি ব্রাকিথেরাপি যন্ত্র) এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের তিনটি যন্ত্র (দুটি সিটি স্ক্যান ও একটি মেমোগ্রাফি) মেয়াদোত্তীর্ণ হওয়ায় ব্যবহার করা হয় না। একমাত্র এমআরআই যন্ত্রটি ২০২৩ সাল থেকে অচল।
হাসপাতালটির কার্যক্রম শুরু হয় ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিনশেড ভবনে। ১৯৮৬ সালে এটি মহাখালীতে স্থানান্তর করা হয়। ২০১৫ সালে এটিকে ৩০০ শয্যার হাসপাতাল করা হয়, ২০১৮ সালে ৫০০ এবং গত ১৬ সেপ্টেম্বর ৭০০ শয্যায় উন্নীত করা হয়। বাড়তি ২০০ শয্যায় রোগী চিকিৎসার প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে। কিন্তু জনবল রয়ে গেছে ৩০০ শয্যার হিসাবেই, তা-ও সব পদে লোক নেই। ৩০০ শয্যার জন্য অনুমোদিত পদ ১ হাজার ১৯৭টি, যার ২৪৪টি শূন্য। পরিচালক জানান, প্রতিষ্ঠান চালাতে আরও অন্তত ১ হাজার ৬০০ জনবল দরকার। তিনি সরকারের কাছে তা চাইলেও জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে ২০০ পদের।
দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে মাত্র দুটি যন্ত্রে। দিনে সর্বোচ্চ ২৫০ জন সেবা পান। গড়ে একজন রোগীকে ছয় সপ্তাহ থেরাপি নিতে হয়, ফলে ২৫০ জনের চিকিৎসা শেষ হলে তবেই নতুন ২৫০ জনের পালা আসে। কিছুদিন আগে রেডিওথেরাপির জন্য ২০২৮ সালের তারিখ দেওয়া হচ্ছিল। সমালোচনার পর তারিখ দেওয়ার পদ্ধতি বদলে এখন রোগীদের ছয় সপ্তাহ পরপর খোঁজ নিতে বলা হয়। এ বছর এপ্রিলে রেডিওথেরাপির জন্য আবেদনকারী রোগী ছিলেন সাড়ে ছয় হাজার, নভেম্বরে তা বেড়ে হয়েছে আট হাজার। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক পারভীন শাহিদা আখতার বলেন, রেডিওথেরাপি কখন দিতে হবে তা সুনির্দিষ্ট করে বলা আছে। ঠিক সময়ে পেলে রোগী সুস্থ হন, না পেলে জীবন নিয়ে টানাটানি শুরু হয়। যাঁর এখন দরকার, তাঁকে ছয় মাস বা এক বছর পর থেরাপি দেওয়া অর্থহীন।
প্রতিবেদকেরা ১৫ ও ২৫ অক্টোবর এবং ৮ ও ১১ নভেম্বর ভোররাত, সকাল ও দুপুরে হাসপাতালে গিয়ে প্রায় একই দৃশ্য দেখেছেন। টিকিট কাউন্টারে ভিড়, বিভিন্ন বিভাগের সামনে ভিড়, বসার জায়গা না পেয়ে বারান্দা ও বিভিন্ন তলার মেঝেতে রোগীদের অবস্থান। ১৫ অক্টোবর ভোর পাঁচটার দিকে নিচতলায় পূবালী ব্যাংকের কাউন্টারের সামনে জটলা দেখা যায়, যদিও কাউন্টার খোলার কথা সকাল আটটায়। দিনাজপুর থেকে আসা একজন জানান, তাঁর সিরিয়াল সাত নম্বর। অথচ তাঁর সামনে কেউ নেই, আছে শুধু পানি ও কোমল পানীয়র ছয়টি বোতল। বোতল, রোগীর ফাইল, এমনকি ইট রেখেও সিরিয়াল ধরে রাখছেন অনেকে। এ নিয়ে কয়েকজনের মধ্যে প্রায় হাতাহাতির অবস্থা তৈরি হয়। শৌচাগার ও কলতলার সামনেও ভিড় আর ঝগড়ার উপক্রম।
ভোর হলে প্রশাসনিক ভবনের সামনের দৃশ্য বদলাতে থাকে। কেউ মশারি খোলেন, কেউ দাঁত মাজেন, কেউ চুল আঁচড়ে মুখে ক্রিম মাখেন। কেউ কেউ সংসারের টুকিটাকি নিয়েই এসেছেন, একজনকে পাটিতে বসে সবজি কাটতে দেখা গেছে। হাসপাতালের কাছে ভাত বা তরকারি রান্না করতে ১০ টাকা করে দিতে হয়, সেখানেও লম্বা লাইন। সকাল সাতটার আগে আনসাররা বাঁশি বাজাতে শুরু করলে সবাই সংসার গুটিয়ে নেন। এরপর শুরু হয় সারা দিনের সংগ্রাম। শয্যা মিলবে কি না, ইকোসহ নানা পরীক্ষার সিরিয়ালে ডাক আসবে কি না, সবই অনিশ্চিত। এই ভোগান্তি কত দিনে শেষ হবে, তা-ও কেউ জানেন না। হাসপাতালে আউটসোর্সিংয়ে সুপারভাইজার মিজানুর রহমানের স্ত্রীর স্তন ক্যানসারের অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি এই হাসপাতালেই হয়েছে। তাঁর মতে, ঢাকার বাইরে উন্নতমানের হাসপাতাল না হলে এ চাপ কমবে না।
অনিয়মের অভিযোগও আছে। রোগীরা বলছেন, চিকিৎসক দেখাতে, পরীক্ষা করাতে এবং আগে রেডিওথেরাপির সিরিয়াল পেতে ঘুষ বা বকশিশ দিতে হয়। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হাসপাতালে চিকিৎসা নিতে এসে ৪১ শতাংশ রোগী হয়রানির শিকার হন।
চিকিৎসার ব্যয়ও অনেক পরিবারকে নিঃস্ব করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ ও সহকর্মীদের ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার চিকিৎসায় গড় ব্যয় ১৫ লাখ টাকা। স্তন ক্যানসারে এ ব্যয় তুলনামূলক বেশি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক আবদুর রাজ্জাক সরকার ও সহকর্মীদের ২০২৫ সালের আরেক গবেষণা বলছে, ক্যানসার চিকিৎসা করাতে গিয়ে ৯০ শতাংশ পরিবার আর্থিক বিপর্যয়ে পড়ে।
ধনীরা বিদেশে চিকিৎসা নিতে যান। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ও আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানূর রহমানের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার চতুর্থ প্রধান কারণ ক্যানসার। এর আগে আছে হার্ট সার্জারি, চোখের ছানি অস্ত্রোপচার ও কিডনির রোগ। মধ্যবিত্তের একাংশ যান দেশের বেসরকারি হাসপাতালে, আরেক অংশ বিদেশে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন আরার স্তন ক্যানসার ধরা পড়ে ২০২৪ সালে। সরকারি হাসপাতালের ভোগান্তির কথা ভেবে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। ২১ অক্টোবর লিভার ক্যানসারে মারা গেছেন তাঁর বড় ভাই, ভারত ও বাংলাদেশ মিলিয়ে তাঁর চিকিৎসায় খরচ হয়েছিল ১৮ লাখ টাকা। ক্যানসার রোগীদের নিয়ে কাজ করা বাংলাদেশ রোগী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হিসেবে তিনি গত ২১ জুন রেডিওথেরাপি যন্ত্র বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছিলেন। তাঁর হিসাবে, বেসরকারি হাসপাতালে ১৫টি রেডিওথেরাপি নিতে লেগেছে ২ লাখ ১৫ হাজার টাকা। সরকারি হাসপাতালে এ খরচ অনেক কম, কিন্তু ক্যানসার নিয়ে শুধু সিরিয়ালের জন্য বসে থাকার সুযোগ নেই।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত ৮ নভেম্বর বলেছেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয়নি, হয়েছে লুটপাট, ক্যানসার এর বাইরে নয়। তবে জনবল নিয়োগ, নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনা এবং প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, মানুষের দুর্ভোগ নিশ্চয়ই কমবে। এর আগে গত ৭ অক্টোবর তিনি ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত করার কথা জানিয়েছিলেন।
সব মিলিয়ে চিত্র স্পষ্ট। রেডিওথেরাপি যন্ত্রের তীব্র ঘাটতি, জনবলের সংকট, অচল ও মেয়াদোত্তীর্ণ যন্ত্র, ঢাকাকেন্দ্রিক সেবা এবং তথ্যভিত্তিক পরিকল্পনার অভাব মিলে দেশের ক্যানসার চিকিৎসাকে এমন জায়গায় নিয়ে গেছে, যেখানে সামর্থ্য দিয়েই ঠিক হচ্ছে কে সময়মতো চিকিৎসা পাবেন। ধনীরা বিদেশে বা বেসরকারি হাসপাতালে যেতে পারছেন, আর গরিব রোগী ও তাঁদের স্বজনেরা সরকারি হাসপাতালের মেঝেতে সিরিয়ালের অপেক্ষায় দিন গুনছেন। নতুন মেশিন যুক্ত করার ঘোষণা আশা জাগালেও যন্ত্রের পাশাপাশি দক্ষ জনবল, মেডিক্যাল ফিজিসিস্ট নিয়োগ, বিভাগীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসাকেন্দ্র এবং জনসংখ্যাভিত্তিক নিবন্ধন নিশ্চিত না হলে এই সংকট কাটবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

