Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মালয়েশিয়ার শ্রমবাজারে সরকারি ফি দেড় লাখ, বাস্তবে ৬-৭ লাখ: সিন্ডিকেটের ছায়ায় কর্মী পাঠানোয় শঙ্কা
    বাংলাদেশ

    মালয়েশিয়ার শ্রমবাজারে সরকারি ফি দেড় লাখ, বাস্তবে ৬-৭ লাখ: সিন্ডিকেটের ছায়ায় কর্মী পাঠানোয় শঙ্কা

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। কিন্তু বাজার চালুর আগেই অভিবাসন ব্যয় নিয়ে বড় ধরনের অসংগতি দেখা দিয়েছে। সরকার কর্মীপ্রতি ব্যয় নির্ধারণ করেছে ১ লাখ ৫৪ হাজার টাকা। অথচ বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টদের দাবি, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর ব্যয় হতে পারে ৬ থেকে ৭ লাখ টাকা। অর্থাৎ সরকারি ফির চেয়ে প্রকৃত খরচ ৪ থেকে ৫ লাখ টাকা বেশি পড়বে।

    প্রাথমিকভাবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানো হবে। এর পরই বেসরকারি এজেন্সিগুলো কর্মী পাঠানোর সুযোগ পাবে। ইতিমধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বেসরকারি পর্যায়ে প্রক্রিয়া শুরুর আগেই বাড়তি ব্যয়ের এই হিসাব সামনে আসায় আগের মতোই কর্মীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি জানান, সরকারিভাবে ফি ১ লাখ ৫৪ হাজার টাকা ঠিক করা হয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকদের হুঁশিয়ার করে তিনি বলেন, এমন কিছু করা যাবে না, যাতে এজেন্সির লাইসেন্স বাতিল বা আইনি ব্যবস্থা নিতে হয়। মানুষের সাধ্যের বাইরে যাওয়া যাবে না, চাকরির মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না। যেসব এজেন্সির চাহিদা আসবে, প্রতিটি চাহিদাপত্রের বিপরীতে আলাদাভাবে বিস্তারিত তথ্য দিতে হবে। কোন কোম্পানিতে চাকরি, মেয়াদ কত দিন এবং কীভাবে কর্মী নেওয়া হচ্ছে, সবই জানাতে হবে। এজেন্সির মাধ্যমে গিয়ে কেউ প্রতারিত হলে তাঁর পুরো অভিবাসন ব্যয় ফেরত দিতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

    তবে জনশক্তি রপ্তানি খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সরকার নির্ধারিত ব্যয় যেমন বাস্তবসম্মত নয়, তেমনি বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাও দুর্বল। তাঁদের আশঙ্কা, আগের মতো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে কর্মীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় ঠেকানো কঠিন হবে।

    অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী অভিযোগ করেন, বাড়তি মুনাফার উদ্দেশ্যে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করেছে। তাঁর ভাষ্য, পুরো প্রক্রিয়া সিন্ডিকেটের হাতে থাকলে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হবে। অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিকেও নানা উপায়ে প্রভাবিত করা হয়েছে এবং সিন্ডিকেট গঠনের জন্য একেকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে। সেই বিনিয়োগের অর্থ তুলে আনতে কর্মীদের কাছ থেকেই বাড়তি টাকা আদায়ের আশঙ্কা অমূলক নয় বলে মনে করেন তিনি।

    বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘রিভার্স রেমিট্যান্স’ হিসেবে দেখছেন। তাঁদের ব্যাখ্যা, একজন কর্মী বিদেশে যেতে ৬-৭ লাখ টাকা খরচ করলে বিদেশে উপার্জিত আয়ের বড় অংশই যাবে সেই ঋণ শোধে। অন্যদিকে কর্মী নিয়োগের নামে এজেন্সিগুলোর আদায় করা অর্থের বড় অংশ মালয়েশিয়ায় চলে যাচ্ছে। এর কিছু অর্থ হুন্ডির মতো অনানুষ্ঠানিক পথে স্থানান্তরের আশঙ্কাও আছে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্দেশ্যে কর্মী পাঠানো হলেও প্রক্রিয়ার মধ্যেই দেশ থেকে বিপুল অর্থ বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

    নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী ব্যয়ের একটি হিসাব তুলে ধরেন। তাঁর বক্তব্য, বেসরকারিভাবে কর্মী পাঠাতে প্রথমেই একটি চাহিদাপত্র কিনতে হয়, যার জন্য কর্মীপ্রতি খরচ পড়ে ১১ থেকে ১২ হাজার রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এর সঙ্গে কর্মীপ্রতি সিন্ডিকেট ফি বাবদ আরও দেড় লাখ টাকা লাগতে পারে, যদিও এই ফি এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রে সাড়ে ৭ থেকে ৮ হাজার, ভিসা ফিতে ২ থেকে ৩ হাজার এবং বিমানভাড়ায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হবে। এর বাইরে এজেন্সির মুনাফা ৫০ হাজার এবং সাব-এজেন্টদের কমিশন বাবদ আরও ৫০ হাজার টাকা যোগ হবে।

    এসব মিলিয়ে একজন কর্মীর মালয়েশিয়া যেতে সর্বনিম্ন ব্যয় দাঁড়াবে ৬ থেকে ৭ লাখ টাকা। অথচ সরকার নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। ২০২৪ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে সরকার অভিবাসন ব্যয় ঠিক করেছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। তবু কোনো কর্মী ৫-৬ লাখ টাকার কমে যেতে পারেননি বলে জানান ওই এজেন্সির মালিক।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামও সরকার নির্ধারিত ব্যয়কে অযৌক্তিক বলে মনে করেন। তাঁর মতে, এই অঙ্কের চেয়ে কর্মীদের অনেক বেশি টাকা দিতে হবে এবং এজেন্সিগুলোও বাড়তি অর্থ নিতে বাধ্য হবে। তিনি বলেন, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি, তবে এর জন্য যৌক্তিক ব্যয় ঠিক করে তা বাস্তবায়ন করতে হবে, যাতে কোনো পক্ষ বাড়তি অর্থ আদায় করতে না পারে। ডিজিটাল ব্যবস্থা ছাড়া ব্যয় নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গত ২৮ আগস্ট, দেশটির অনলাইন প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এতে বোয়েসেলসহ ২৫টি বেসরকারি এজেন্সি এবং তাদের অধীনে ৩১২টি রিক্রুটিং এজেন্সি তালিকাভুক্ত হয়, অর্থাৎ মোট ৩৩৮টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। তবে খাতসংশ্লিষ্টদের একাংশ এই ব্যবস্থাকেও আগের মতো ‘নতুন সিন্ডিকেট’ বলছেন।

    বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় কর্মী নিয়োগের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন ২ নভেম্বর চাহিদাপত্র পাঠালে ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, যাতে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। লটারির মাধ্যমে দুটি পদের বিপরীতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, যারা ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা নেবে।

    এদিকে সরকারি ব্যবস্থাপনায় কর্মী বাছাই শেষ হওয়ার আগেই ৩১ অক্টোবর থেকে বেসরকারি এজেন্সিগুলোর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ভিড় বাড়ছে বিভিন্ন মেডিকেল সেন্টারে। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক এজেন্সি কর্মীদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ও শুরু করেছে।

    মালয়েশিয়ায় যেতে আগ্রহী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর স্থানীয় এক ব্যক্তি তাঁকে দেশটিতে পাঠানোর প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও শ্রমবাজার চালুর খবরে তিনি ওই দালালের কাছে পাসপোর্ট জমা দেন। ৬ লাখ টাকায় চুক্তি হয়। মেডিকেল পরীক্ষার আগেই তিনি ৫০ হাজার টাকা এবং পরে আরও ৪০ হাজার টাকা দিয়েছেন। অথচ এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও তা এখনো হয়নি।

    সরকার নির্ধারিত ব্যয়ে বেসরকারি একটি এজেন্সিও কর্মী পাঠাবে না বলে মনে করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নিজেও। তিনি বলেন, গত ১০ বছরে যাঁরা বিদেশে গেছেন, সরকার নির্ধারিত ফিতে বেসরকারি একটি প্রতিষ্ঠানও কর্মী পাঠায়নি। তাঁর ভাষ্য, এজেন্সিগুলোর খরচের বিবেচনায় এই ফিতে কর্মী পাঠানো তাদের জন্য কঠিন হবে। মন্ত্রণালয় নির্ধারিত ফিতে পাঠাতে না পারলে তাদের উচিত একটি যৌক্তিক ফি নির্ধারণের জন্য মন্ত্রণালয়কে জানানো। কয়েক দিন আগে এজেন্সিগুলোর সঙ্গে বৈঠকে কেউ কেউ ২ থেকে ৩ লাখ টাকার কথা বলেছেন এবং সরকারি হিসাবে এই অঙ্কে কর্মী পাঠানো সম্ভব বলে তাঁরা দেখেছেন। এখন এজেন্সিগুলোরও জানানো দরকার, তারা এই টাকায় পাঠাতে পারবে কি না।

    বিশ্লেষকদের মতে, সরকারের ঘোষিত ফি আর এজেন্সিগুলোর হিসাবের মধ্যে এত বড় ব্যবধান থাকলে শ্রমবাজার চালুর পর নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। ফি বাস্তবসম্মত না হলে এজেন্সিগুলো আগের মতোই অনানুষ্ঠানিক পথে বাড়তি টাকা আদায় করবে, আর তার বোঝা বইতে হবে ঋণ করে বিদেশ যেতে চাওয়া কর্মীদের। তাই ব্যয়ের যৌক্তিক কাঠামো নির্ধারণ, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের স্বচ্ছতা এবং সিন্ডিকেট ভাঙার কার্যকর উদ্যোগের ওপরই নির্ভর করছে এই শ্রমবাজারের সাফল্য। সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ স্বচ্ছ হলে বেসরকারি এজেন্সির জন্যও একটি মানদণ্ড তৈরি হতে পারে, তবে তার আগে প্রতারণা ও অগ্রিম অর্থ আদায় ঠেকানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.