Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইমিগ্রেশন আধুনিকায়নে যাত্রীপ্রতি ৬.২৯ ডলার ফি চায় মার্কিন প্রতিষ্ঠান, সতর্ক সরকার
    বাংলাদেশ

    ইমিগ্রেশন আধুনিকায়নে যাত্রীপ্রতি ৬.২৯ ডলার ফি চায় মার্কিন প্রতিষ্ঠান, সতর্ক সরকার

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থাকে আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি সমন্বিত ইমিগ্রেশন ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার কাজ এগোচ্ছে। এই কাজের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট এলএলসি আন্তর্জাতিক যাত্রীপ্রতি ৬ দশমিক ২৯ মার্কিন ডলার ফি প্রস্তাব করেছে। তবে ফি নির্ধারণ, তথ্য নিরাপত্তা ও প্রবাসী কর্মীদের সামর্থ্যের প্রশ্নে চূড়ান্ত চুক্তির আগে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর দরকষাকষির তাগিদ দিয়েছে সরকার।

    গত ৫ নভেম্বর অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় পররাষ্ট্র, অর্থ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রস্তাবিত এই ফি নিয়ে প্রশ্ন তোলেন। দেশে আগমন ও দেশত্যাগ, উভয় ক্ষেত্রেই এই ফি প্রযোজ্য হবে কি না এবং বাংলাদেশি প্রবাসী কর্মীদের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়েও আলোচনা হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে সিকিউরিপোর্টের আর্থিক প্রস্তাব ও চুক্তির শর্তাবলি পর্যালোচনা করা হয়।

    বৈঠকে তৎকালীন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, যিনি বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার, প্রস্তাবিত ফির যৌক্তিকতা যাচাইয়ে অন্যান্য দেশের তুলনামূলক তথ্য চান। একই সঙ্গে সার্ভারের অবস্থান, তথ্য ও সিস্টেমের স্বত্বাধিকার, প্রতিষ্ঠানটির প্রবেশাধিকারের পরিধি এবং পুরো ব্যবস্থার ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়গুলো স্পষ্টভাবে যাচাইয়ের আহ্বান জানান তিনি। ফি ও নীতিমালা তৈরির সময় বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও আর্থিক সামর্থ্য বিবেচনায় রাখার কথাও বলেন। প্রকল্পের কারিগরি ও আর্থিক দিক একটি স্বাধীন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের মাধ্যমে মূল্যায়নের ওপরও তিনি জোর দেন।

    অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রস্তাবটিকে সময়োপযোগী বললেও বিনিয়োগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়, চুক্তির মেয়াদ, যাত্রী ফি, ফি আদায়ের পদ্ধতি এবং সরকারের সম্ভাব্য আর্থিক দায় ভালোভাবে খতিয়ে দেখার আহ্বান জানান। আন্তর্জাতিক উড়োজাহাজের টিকিটের সঙ্গে এপিআইএস ও পিএনআর ফি আরোপ ও আদায়ের আইনি ভিত্তি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন। ভ্যাট আদায় নিশ্চিত করা এবং সরকারের ওপর কোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক দায় যেন না আসে, সে জন্য চুক্তিতে সুরক্ষামূলক শর্ত রাখার কথাও বলেন তিনি।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানতে চান, ৬ দশমিক ২৯ ডলারের ফি দেশে আসা ও দেশ ছাড়ার ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য হবে, নাকি একবার ফি দিলে দুই যাত্রাই এর আওতায় থাকবে। এটি স্পষ্ট করা প্রয়োজন বলে মত দেন তিনি।

    গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেয় সিকিউরিপোর্ট। উদ্দেশ্য, দেশের আন্তর্জাতিক প্রবেশ ও বহির্গমন পথগুলোতে একটি সমন্বিত ইমিগ্রেশন ও সীমান্ত ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তোলা। এদিকে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসনলজিকও বাংলাদেশের বিমানবন্দরগুলোতে অগ্রিম যাত্রী তথ্য ব্যবস্থা গড়তে আগ্রহ দেখিয়েছে। গত ১৮ মে তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো ইউ-ৎসের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। সেই প্রস্তাবিত সহযোগিতার আওতায় একটি অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর বিষয়ও ছিল।

    অন্য দেশে একই সেবার জন্য সিকিউরিপোর্ট কত ফি নেয়, তা জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা চুক্তির গোপনীয়তার বাধ্যবাধকতার কথা বলে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে তাঁরা দাবি করেন, আফ্রিকার একটি দেশে তাঁরা যাত্রীপ্রতি ৭ ডলার ফি নিচ্ছেন, আর বাংলাদেশের জন্য প্রস্তাব করা হয়েছে ৬ দশমিক ২৯ ডলার।

    স্টিয়ারিং কমিটি প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিল অব কোয়ান্টিটি, বিল অব ম্যাটেরিয়ালস ও বিস্তারিত কারিগরি বিবরণী জমা দিতে বলেছে। আগমন ও বহির্গমন, দুই ক্ষেত্রে আলাদা ফি নেওয়া হবে কি না, তা স্পষ্ট করতেও বলা হয়েছে। এ ছাড়া যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব নথি যাচাই করে দিতে ঢাকায় মার্কিন দূতাবাসকে অনুরোধ জানানো হবে।

    এরপর পুলিশের বিশেষ শাখা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের যৌথ কারিগরি সুপারিশের ভিত্তিতে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাতহীন কারিগরি বিবরণ ও প্রাক্কলিত ব্যয় তৈরি করা হবে। আগামী ৬ ডিসেম্বর এই দুই সংস্থা ও সিকিউরিপোর্টের মধ্যে প্রাথমিক কারিগরি ও বাণিজ্যিক আলোচনা শুরু হবে। এরপর আনুষ্ঠানিক দরকষাকষির মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত করা হবে।

    প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন সরকারি কর্মকর্তা জানান, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের ধারাবাহিকতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সিকিউরিপোর্টের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। পরের ধাপে যাওয়ার আগে মার্কিন দূতাবাসের মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করবে সরকার। স্বাধীন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য প্রতিযোগিতা যাচাই এবং চুক্তিতে আর্থিক সুরক্ষা ধারা রাখার পরিকল্পনাও আছে।

    কর্মকর্তারা জানান, ৬ দশমিক ২৯ ডলারের এই ফিতে প্রকল্প বাস্তবায়নের পুরো খরচ না-ও উঠতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত অন্যান্য অনুষঙ্গের জন্য বাড়তি চার্জ লাগতে পারে এবং সরকারকেও সরাসরি কিছু ব্যয় বহন করতে হতে পারে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে আন্তর্জাতিক পথে প্রায় ১ কোটি ২৬ লাখ যাত্রী যাতায়াত করেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৬৪ লাখ ৫০ হাজার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে প্রতি বছর ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে যান। বিমানবন্দর কর্মকর্তাদের প্রাক্কলন অনুযায়ী, মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় অর্ধেক বিদেশগামী এবং বাকি অর্ধেক দেশে আগমনকারী।

    সিকিউরিপোর্টের প্রস্তাব অনুযায়ী, ১ কোটি ২৬ লাখ যাত্রীর প্রত্যেকের কাছ থেকে প্রতিবার যাতায়াতে ৬ দশমিক ২৯ ডলার করে নেওয়া হলে বছরে প্রায় ৭৯ দশমিক ২ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯৫০ কোটি টাকার বেশি আদায় হবে। আগমন ও বহির্গমন দুই ক্ষেত্রেই আলাদা ফি প্রযোজ্য হলে একজন প্রবাসী কর্মীকে দেশে আসা-যাওয়ায় অতিরিক্ত প্রায় দেড় হাজার টাকা গুনতে হবে। এতে সীমিত আয়ের প্রবাসীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

    প্রস্তাবিত ব্যবস্থায় ফ্লাইট অবতরণ বা উড্ডয়নের আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যাত্রীদের অগ্রিম তথ্য ও যাত্রী নামের রেকর্ড পৌঁছে যাবে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে এসব তথ্য ইন্টারপোলের তথ্যভান্ডার এবং দেশের অভ্যন্তরীণ নজরদারি তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে।

    উদ্যোগটি প্রথমে শুরু হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে। এই ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাইয়ে ২০২২ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমঝোতা স্মারক সই করে কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নে নেতৃত্বের দায়িত্ব পায় আমিরাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এমিরেটস টেকনোলজি সলিউশনস। তবে কাজের অগ্রগতি ধীর ছিল এবং চুক্তি আর নবায়ন হয়নি। পরে উদ্যোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে আসে। গত জুলাইয়ে সিকিউরিপোর্ট আগ্রহ প্রকাশ করলে মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে বিস্তারিত প্রস্তাব জমা দিতে আমন্ত্রণ জানায়।

    এখন নজর ৬ ডিসেম্বরের প্রাথমিক আলোচনার দিকে। ফি আগমন ও বহির্গমন দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে কি না, তথ্যের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং সরকারের ওপর কোনো অতিরিক্ত আর্থিক দায় আসবে কি না, এসব প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে প্রকল্পের ভবিষ্যৎ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮১৬ রোগী

    নভেম্বর 15, 2026
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসায় গড়ে ব্যয় ৩১ হাজার ৬৮৩ টাকা

    নভেম্বর 15, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটোকে ১৯৯৭ সালের অবস্থানে ফেরানোর শর্ত রাশিয়ার, উদ্বেগে ইউরোপ

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.