মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। গত শুক্রবার অনুষ্ঠিত ওই ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে। বাংলাদেশের মতো আরও ১৫টি দেশও ভোট দেয়নি।
মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবটি ভোটাভুটির জন্য তোলা হয় জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে। ১৩ নভেম্বরের ভোটে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব।
প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি দেশের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে। প্রস্তাবে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করা। যেসব দেশ ইতিমধ্যে এই শাস্তি বাতিল করেছে, তাদের আবার তা চালু না করার আহ্বানও জানানো হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে এর কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ পরিষদ।
এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা কোনো ব্যক্তির ওপর মৃত্যুদণ্ড আরোপ না করতে বলা হয়েছে। অপরাধের সময় অভিযুক্তের বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলে মৃত্যুদণ্ড কার্যকর না করার পরামর্শও দেওয়া হয়েছে।
ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো আইনে বহাল আছে। ফলে এই অবস্থান কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষার একটি কৌশল হতে পারে। পক্ষে বা বিপক্ষে না গিয়ে বিরত থাকার মাধ্যমে দেশটি একদিকে নিজস্ব আইনি কাঠামো অক্ষুণ্ন রেখেছে, অন্যদিকে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক আলোচনায় সরাসরি বিরোধিতার অবস্থানও এড়িয়েছে।
সাধারণ পরিষদের প্রস্তাব আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে এটি মৃত্যুদণ্ড নিয়ে বৈশ্বিক মতামতের প্রতিফলন। ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৩৩টির সমর্থন দেখাচ্ছে, মৃত্যুদণ্ড স্থগিত বা বিলুপ্তির দিকে বিশ্বের বড় অংশের ঝোঁক রয়েছে। তবু ৩৩টি দেশের বিরোধিতা এবং ১৬টির বিরত থাকা প্রমাণ করে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো গভীরভাবে বিভক্ত।

