ঝিনাইদহে প্রায় শতকোটি টাকা ব্যয়ে গড়ে তোলা সাতটি সরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হয়ে আছে। কোথাও আধুনিক চিকিৎসা-যন্ত্রপাতি নেই, কোথাও অনুমোদিত সব পদই শূন্য। শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। আবার কোথাও বিপুল অর্থে নির্মিত অবকাঠামো কাজে লাগানো যাচ্ছে না। ফলে এসব প্রতিষ্ঠান থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না জেলার সাধারণ মানুষ।
অনুসন্ধানে দেখা গেছে, সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো হলো সরকারি খাবার স্যালাইন কারখানা, সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), সরকারি শিশু হাসপাতাল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), আঞ্চলিক নার্সিং ইনস্টিটিউট এবং মূক ও বধির আবাসিক স্কুল। এর মধ্যে কয়েকটি সীমিত পরিসরে চললেও জনবল ও সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না।
প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি খাবার স্যালাইন কারখানা দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। সদর হাসপাতালে কোটি কোটি টাকা খরচ করে সিসিইউ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তা চালু করা যায়নি। এর ফলে হৃদ্রোগীরা বিশেষায়িত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
২৫ শয্যার সরকারি শিশু হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৫ সালের ৭ মে। নির্মাণ শেষে ২০০৬ সালের ৩০ এপ্রিল এর যাত্রা শুরু হয়। জেলা পর্যায়ে নির্মিত দেশের প্রথম বিশেষায়িত শিশু হাসপাতাল হলেও আধুনিক চিকিৎসা-সরঞ্জামের অভাবে শিশুদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না। হাসপাতালটির উদ্যোগের পেছনে তৎকালীন বিএনপি সরকারের ভূমিকা ছিল। সংশ্লিষ্টদের অভিযোগ, পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
ম্যাটসের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। প্রতিষ্ঠানটির অনুমোদিত ১০৪টি পদের সবই শূন্য। সরকারি বেতন-ভাতা ছাড়া মাত্র দুজন অতিথি শিক্ষক দিয়ে ১৫৬ জন শিক্ষার্থীর পাঠদান চালানো হচ্ছে। শিক্ষকসংকটের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তিই করা যায়নি।
আইএইচটিতে আটটি গুরুত্বপূর্ণ পদ শূন্য। রেডিওলজি ও রেডিওথেরাপি ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীরা হাতেকলমে শেখা থেকে বঞ্চিত হচ্ছেন। আঞ্চলিক নার্সিং ইনস্টিটিউটেও জনবলের সংকট রয়েছে। স্বাস্থ্য খাতের দক্ষ জনবল তৈরির এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম তাই ব্যাহত হচ্ছে।
নয় বিঘা জমির ওপর গড়ে ওঠা মূক ও বধির আবাসিক স্কুল খুলনা বিভাগের একমাত্র প্রতিষ্ঠান। সেখানে নয়টি স্থায়ী পদের মধ্যে ছয়টি শূন্য। ধারে আনা তিনজন শিক্ষক এবং নিয়মিত বেতন না পাওয়া আউটসোর্সিং কর্মীদের দিয়ে স্কুলটি চলছে। জনবল ও সুযোগ-সুবিধার অভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাও ব্যাহত হচ্ছে।
জেলার সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক (অব.) মহব্বত হোসেন টিপু বলেন, এসব প্রতিষ্ঠান জেলার মানুষের চিকিৎসা, শিক্ষা ও বিশেষায়িত সেবার সঙ্গে সরাসরি জড়িত। সচল থাকলে আশপাশের জেলার মানুষও উপকৃত হতেন। শিশুদের চিকিৎসা, হৃদ্রোগীদের সেবা, স্বাস্থ্যকর্মী তৈরি এবং বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিপুল সরকারি অর্থে নির্মিত প্রতিষ্ঠান জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবে পড়ে থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, কর্তৃপক্ষের উচিত দ্রুত সংকট মিটিয়ে প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু করা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর চালুর পর প্রশাসনিক জটিলতায় ম্যাটস ও আইএইচটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে। তবে শিশু হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট সীমিত জনবল নিয়ে চলছে। খাবার স্যালাইন কারখানা ও সিসিইউ চালুর বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স বলেন, জনগণের অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠানের যথাযথ ব্যবহার ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, জনবল ও যন্ত্রপাতির ঘাটতি এবং পরিচালনাগত সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সেবার মান বাড়ানোই লক্ষ্য বলে জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, সমস্যার মূলে রয়েছে জনবল নিয়োগ, যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি। অবকাঠামো তৈরি হলেও পরিচালনার প্রস্তুতি না থাকলে জনগণের করের টাকায় গড়া স্থাপনা অকার্যকর থেকে যায়। এখন দেখার বিষয়, জেলা প্রশাসনের উদ্যোগ ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ সচল হয়।

