বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্ক ছাড়া প্রবেশের সুযোগ পাবে। বিপরীতে বাংলাদেশের বাজারে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। গত ৬ ফেব্রুয়ারি এই চুক্তি সই হয়েছিল।
গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ২৯৮(১) বিধি অনুযায়ী চুক্তিটি উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি চুক্তির পটভূমি, আলোচনার ধাপ ও প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, রপ্তানি বাজার ধরে রাখা ও বাড়ানো এবং বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশ, বাণিজ্য জোট ও আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে চুক্তির উদ্যোগ নিয়েছে। জাপান বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। তাই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং এলডিসি উত্তরণের পরও জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চুক্তির অন্যতম লক্ষ্য দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জাপানি বিনিয়োগকারীদের আস্থা শক্ত করা এবং দীর্ঘমেয়াদি জাপানি বিনিয়োগ টেনে আনা। তিনি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর ধীরে ধীরে বাড়ছে। পণ্যের পাশাপাশি সেবা ও বিনিয়োগ খাতেও সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।
চুক্তির প্রক্রিয়াটি কীভাবে এগিয়েছে, তারও বিবরণ দেন মন্ত্রী। শুরুতে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার জন্য দুই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ অধ্যয়ন গোষ্ঠী গঠন করা হয়। এরপর আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। আলোচনার জন্য উভয় পক্ষ বাণিজ্য আলোচনা কমিটি এবং ২১টি কার্যকরী গোষ্ঠী গড়ে তোলে। কমিটি কাজের পরিধি ও একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে। ২১টি বিষয়ের খসড়া পাঠ্য নিয়েও প্রাথমিক আলোচনা হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী সাত দফা বৈঠকের পর চুক্তির চূড়ান্ত পাঠ্য ঠিক হয়।
অভ্যন্তরীণ প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি জানান, আলোচনায় চূড়ান্ত হওয়া পাঠ্য দেশের আইন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান ও অন্যান্য আন্তর্জাতিক নিয়মের সঙ্গে মেলে কি না, তা আইনি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এরপর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং করা হয়।
সই-পরবর্তী ধাপ হলো চুক্তির অনুসমর্থন। সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশের সঙ্গে করা সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করতে হয় এবং রাষ্ট্রপতি তা সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন। মন্ত্রী জানান, ইপিএ সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
চুক্তির সবচেয়ে বড় সুবিধা পণ্য রপ্তানিতে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য কার্যকরের প্রথম দিন থেকেই জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। পাশাপাশি তৈরি পোশাক খাতে স্টেজ ট্রান্সফরমেশন সুবিধাও মিলবে। এই সুবিধার আওতায় উৎপাদনের একাধিক ধাপ বিবেচনায় নিয়ে পণ্যের উৎস নির্ধারণের সুযোগ থাকে, যা পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ।
সেবা খাতেও দুই দেশ উল্লেখযোগ্য অঙ্গীকার করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সেবা খাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী বাংলাদেশ জাপানের জন্য ১২টি খাতের আওতায় ৯৮টি উপখাত উন্মুক্ত করতে রাজি হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করবে। মন্ত্রীর মতে, এতে বিভিন্ন পণ্য ও সেবা খাতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে এবং প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত হবে। এটি বাংলাদেশের জন্য ব্যাপক বাণিজ্যিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় খুলবে।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার আইনমন্ত্রীর সহযোগিতা চান। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংবিধানের ১৪৫ অনুচ্ছেদের বিষয়টি উঠলে অন্য মন্ত্রণালয়গুলোকে দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। তাঁর পর্যবেক্ষণ, নির্বাহী বিভাগ থেকে পাঠানো নথিতে এই অনুচ্ছেদের উল্লেখ ছিল না। ভবিষ্যতে এ বিষয়ে নজর রাখতে তিনি আইনমন্ত্রীকে অনুরোধ জানান।
এলডিসি উত্তরণের পর বাংলাদেশ বর্তমানের অনেক বাণিজ্যসুবিধা হারাতে পারে। জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা আগেভাগে নিশ্চিত করে রাখা তাই রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত, যার বড় অংশ রপ্তানিনির্ভর, এই চুক্তির সরাসরি সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

