দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগরীসহ সাতটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে এই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন গোপালগঞ্জে, সেখানে ২৯ প্লাটুন মোতায়েন করা হয়েছে। ঢাকা জেলায় রয়েছে ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৫ প্লাটুন। এর বাইরে নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৬ প্লাটুন করে, ঢাকা মহানগরী ও ফরিদপুরে ৫ প্লাটুন করে এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে আছেন। এ ছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সতর্ক থাকবেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

