Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার, ভারপ্রাপ্তদের হাতে অগ্নিনিরাপত্তার দায়
    বাংলাদেশ

    ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার, ভারপ্রাপ্তদের হাতে অগ্নিনিরাপত্তার দায়

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রতি পাঁচটি ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই কোনো স্টেশন অফিসার নেই। ফলে অগ্নিকাণ্ড বা অন্য জরুরি পরিস্থিতিতে অভিযানের নেতৃত্ব দিতে হচ্ছে ভারপ্রাপ্তদের। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া ফায়ার সার্ভিসের একটি নথিতে এই চিত্র উঠে এসেছে। নথি অনুযায়ী, দেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে অন্তত ৪৫২টিতে, অর্থাৎ ৮৪ শতাংশ স্টেশনে স্টেশন অফিসার নেই। এতে বড় অগ্নিকাণ্ড বা দুর্যোগে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্টেশন অফিসার শুধু একটি স্টেশনের প্রধান নন। আগুন নেভানোর অভিযানে নেতৃত্ব দেওয়া, ঘটনাস্থলে জরুরি সিদ্ধান্ত নেওয়া এবং জনবল ও সরঞ্জামের সমন্বয় করার দায়িত্বও তাঁর। এই পদ ফাঁকা থাকলে সম্মুখসারির সিদ্ধান্ত নেওয়ার জায়গাটিই দুর্বল হয়ে পড়ে।

    ফায়ার সার্ভিস

    কর্মকর্তাদের মতে, সংকটের পেছনে মূল কারণ পুরোনো সাংগঠনিক কাঠামো, নিম্ন বেতনগ্রেড এবং পদোন্নতির সীমিত সুযোগ। এসব কারণে যোগ্য প্রার্থীরা এই পেশায় আসতে বা থেকে যেতে আগ্রহ পাচ্ছেন না।

    শূন্যতা সবচেয়ে প্রকট তৃণমূল পর্যায়ে। উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের পদ ফাঁকা ২৩১টি ফায়ার স্টেশনে। জনবল সংকটের কারণে ১২০টি উপজেলায় অভিযান পরিচালনার দায়িত্ব দিতে হচ্ছে পরিদর্শকদের। অথচ পরিদর্শকদের মূল কাজ ভবন ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, অগ্নিঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা বিধিমালা প্রতিপালন নিশ্চিত করা এবং লাইসেন্স দেওয়া। বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে তাঁরা এসব কাজে যথেষ্ট সময় দিতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অভিযানের দায়িত্ব পালন করতে গিয়ে পরিদর্শকদের নিরাপত্তা তদারকি ও অন্যান্য নিয়মিত কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    সিনিয়র স্টেশন অফিসার আছেন, এমন ১০১টি বড় ফায়ার স্টেশনেও কোনো স্টেশন অফিসার নেই। ফলে সিনিয়র কর্মকর্তাদের ওপরও বাড়তি কাজের চাপ পড়ছে। সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাঁদের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

    সরকারি চাকরিজীবীরা ২০টি বেতনগ্রেডে নিয়োগ পান, যার মধ্যে ২০তম গ্রেড সর্বনিম্ন। প্রথম থেকে নবম গ্রেড প্রথম শ্রেণি এবং দশম থেকে ১২তম গ্রেড দ্বিতীয় শ্রেণির পদ হিসেবে গণ্য হয়। ২০২০ সাল থেকে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে পিএসসির মাধ্যমে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে স্টেশন অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু নবম গ্রেডের ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বেতনের ব্যবধান বড়। ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী, ১২তম গ্রেডের শুরুর মোট বেতন ২৭ হাজার ৩০০ টাকা, আর নবম গ্রেডে ৫৩ হাজার ৬০ টাকা। ২০২৬ সালের নতুন বেতনস্কেল পুরোপুরি কার্যকর হলে ১২তম গ্রেডে হবে ৫৮ হাজার ৭০০ টাকা এবং নবম গ্রেডে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

    এক কর্মকর্তার ভাষ্য, অন্যান্য বিভাগের কর্মকর্তাদের তুলনায় স্টেশন অফিসারদের মূল বেতন কম, ভ্রমণ ও দৈনিক ভাতাও কম। প্রশিক্ষণ ভাতা অপর্যাপ্ত, দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগও সীমিত। তাঁর মতে, এই বৈষম্য যোগ্য প্রার্থীদের ফায়ার সার্ভিসসহ নন-ক্যাডার পদে যোগ দিতে নিরুৎসাহিত করে। তিনি আরও বলেন, অগ্নিনির্বাপণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও ঝুঁকি ভাতা অপর্যাপ্ত। ১৯৮১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫৩ কর্মী নিহত এবং অসংখ্য কর্মী আহত হয়েছেন।

    নিয়োগের পরিসংখ্যানেই সমস্যার চিত্র স্পষ্ট। ফায়ার সার্ভিসের নথি অনুযায়ী, এ বছরের অক্টোবরে স্টেশন অফিসার পদের জন্য ১৭ প্রার্থীকে সুপারিশ করেছিল পিএসসি। তাঁদের মধ্যে মাত্র ৯ জন যোগ দিয়েছেন, যাঁরা এখন বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন। গত বছর সুপারিশ পাওয়া ৫৩ প্রার্থীর মধ্যে যোগ দিয়েছিলেন মাত্র ১৯ জন। বর্তমানে তাঁদের মধ্যে চাকরিতে আছেন ১২ জন।

    এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সাম্প্রতিক এক প্রস্তাবে স্টেশন অফিসারের পদ ১২তম গ্রেড থেকে দশম গ্রেডে এবং সিনিয়র স্টেশন অফিসারের পদ ১১তম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে ফায়ার সার্ভিস। অনুমোদন পেলে ৬৫৭ স্টেশন অফিসার ও সমমানের পদসহ ফায়ার সার্ভিসের ১ হাজার ৩৮ কর্মকর্তার গ্রেড বাড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফুয়ারা খাতুন জানান, প্রস্তাবটি অনুমোদনের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    পদোন্নতির সুস্পষ্ট ধাপের অভাবও বড় সমস্যা। কর্মকর্তারা জানান, অধিদপ্তর অনুমোদিত ১৪ হাজার ৭৪৪টি পদের মধ্যে প্রথম শ্রেণির পদ মাত্র ৪৮টি। এতে নেতৃত্ব পর্যায়ে যাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অন্য সরকারি চাকরির বয়স পেরিয়ে যাওয়ায় অনেকে এখানে থেকে গেছেন। তিনি ২০২০ সালে স্টেশন অফিসার হিসেবে যোগ দিয়ে এখনো একই পদে আছেন, অথচ একই বিসিএস ব্যাচের ক্যাডার ও অন্যান্য নন-ক্যাডার সার্ভিসে যাঁরা গেছেন, তাঁরা ইতিমধ্যে ষষ্ঠ গ্রেডে পৌঁছে গেছেন।

    ফায়ার সার্ভিসে ১২তম গ্রেডের স্টেশন অফিসার পদোন্নতি পেয়ে সিনিয়র স্টেশন অফিসার হলে ১১তম গ্রেডে যান। উপসহকারী পরিচালক পদে উন্নীত হলেও তিনি দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) কর্মকর্তাই থেকে যান। আরেক কর্মকর্তার ভাষায়, ২৫ বছর চাকরির পরও দ্বিতীয় শ্রেণির পদে থেকে যাওয়া হতাশাজনক।

    ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনায়েদ স্বীকার করেছেন, কম বেতনই জনবল সংকটের অন্যতম প্রধান কারণ এবং ভালো সুযোগ পেলে অনেক যোগ্য কর্মকর্তা চলে যান। তাঁর ভাষ্য, স্টেশন অফিসাররা ১২তম গ্রেডে যোগ দেন, অথচ উপজেলা পর্যায়ের অন্য সরকারি কর্মকর্তারা সাধারণত নবম গ্রেডে থাকেন। এতে তাঁদের মধ্যে বৈষম্য ও অবমূল্যায়নের অনুভূতি তৈরি হয় এবং চাকরিতে থাকার আগ্রহ কমে যায়।

    ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বলেন, জনবল সংকটে অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা কমে গেছে। স্টেশন অফিসাররা সম্মুখসারির সিদ্ধান্ত নেন, আর সঠিক সিদ্ধান্তে কয়েক সেকেন্ডের দেরিও একটি আগুনকে বড় বিপর্যয়ে রূপ দিতে পারে। পরিদর্শকদের ওপর স্টেশন অফিসারের দায়িত্ব চাপানোয় অগ্নিনিরাপত্তা পরিদর্শন ও প্রতিরোধমূলক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নিয়মিত কার্যক্রম ও শিফট রোটেশন নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে অন্তত দুজন স্টেশন অফিসার থাকা প্রয়োজন বলেও মত দেন তিনি।

    ভবনের নকশা মূল্যায়ন, পরিদর্শন পরিচালনা ও নিরাপত্তা মানদণ্ড প্রতিপালন নিশ্চিত করতে কারিগরিভাবে যোগ্য জনবল, বিশেষ করে ফায়ার ইঞ্জিনিয়ার নিয়োগের ওপর জোর দেন সাবেক এই মহাপরিচালক। তাঁর মতে, বিশ্বমানের ফায়ার সার্ভিস গড়তে হলে আগে স্টেশন অফিসারের পদমর্যাদা উন্নীত করতে হবে এবং প্রতিটি স্টেশনে পর্যাপ্ত যোগ্য কর্মকর্তা নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মেট্রোরেলের টিকিটে বড় পরিবর্তন, মোবাইলেই দেওয়া যাবে ভাড়া

    নভেম্বর 21, 2026
    শিক্ষা

    এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, রেকর্ড ১০ লাখ ৮৭ হাজারের বেশি খাতার আবেদন

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    নড়াইলের কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের ভিডিও, কী জানা যাচ্ছে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.