ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে সমাধানে পৌঁছাতে দুই দফায় ভারতকে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী জানান, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে প্রতিবেশী দেশ ভারতকে দুটি চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি নিজেও ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু কোনো চিঠিরই উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে বাংলাদেশ অবগত বলেও মন্তব্য করেন তিনি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পানির সংকট মোকাবিলায় দেশের প্রস্তুতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পানির প্রাপ্যতা নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির ব্যবহার বাড়াতে সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজও হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পানি ধরে রেখে কৃষি উৎপাদন ও উন্নয়ন বাড়ানোর লক্ষ্য রয়েছে।
ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাইকমিশনার বাংলাদেশে এসে আশ্বাস দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের দৃশ্যমান কোনো অগ্রগতি পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তবে সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেমন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, তেমনি এসব বিষয়ে সহযোগিতা করাও ভারতের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক প্রত্যাশা করে না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে। বরং গুম, খুন, ছাত্র ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর সহিংসতা, দুর্নীতি এবং অর্থ লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবর্তে বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।

