আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা রাষ্ট্রের কোষাগারে বড় চাপ তৈরি করছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এ খাতে সরকারকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে এ আয়োজন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বক্তাদের মতে, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় নবায়নযোগ্য উৎসের সক্ষমতা বাড়ানো জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণের প্রতিটি স্তরে দক্ষতা বাড়াতে হবে। এলএনজির ভর্তুকিতে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ পড়ছে উল্লেখ করে তিনি আমদানিনির্ভরতা কমানোর ওপর জোর দেন।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ। এই অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন, যা ১২ বছরে পরিশোধ করা যাবে।
সরকারি-বাণিজ্যিক ভবনের ছাদ থেকে উপযুক্ত কৃষিজমি পর্যন্ত সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করেন এই উপদেষ্টা। তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার মূলধারায় আনতে হবে।
বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বর্তমান নীতিতে যে লক্ষ্য ধরা হয়েছে, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তার চেয়ে অনেক বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতার বদলে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে।
তাঁর ভাষ্য, সরকার সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে। এ উদ্যোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, এক কার্গো এলএনজি আমদানিতে যে বিপুল ব্যয় হয়, তা নবায়নযোগ্য খাতে বিনিয়োগ করলে দেশ দীর্ঘমেয়াদি সুফল পেতে পারে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার করবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে দেশের জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তা ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প ভাবলে হবে না, দিতে হবে জাতীয় অগ্রাধিকার।
বিপুল ভর্তুকির হিসাব দেখাচ্ছে, জ্বালানি সংকট কেবল সরবরাহের বিষয় নয়, এর সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতাও গভীরভাবে জড়িত। সৌরবিদ্যুতের মতো দেশীয় উৎস আমদানির চাপ কমানোর সুযোগ তৈরি করতে পারে। তবে এ জন্য সহজ অর্থায়ন, নির্ভরযোগ্য সঞ্চালন অবকাঠামো, বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা এবং পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিডব্লিউজিইডির উদ্যোগে ও সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও তরুণসহ সাড়ে তিন শতাধিক অংশীজন যোগ দিচ্ছেন। ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লা সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকার, গণমাধ্যম, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণের বিষয়ও গুরুত্ব পাবে।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এ সম্মেলনের ধারাবাহিকতায় এবার বসেছে চতুর্থ আসর। আলোচনা ও সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

