ইউএনবি
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির ৩০ বছর পূর্ণ হবে। কিন্তু নতুন চুক্তি নিয়ে আলোচনা কীভাবে শুরু হবে, তা নিয়েই এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে তৈরি হয়নি কোনো সুস্পষ্ট রূপরেখা।
বাংলাদেশ নতুন করে আলোচনা শুরুর জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। অন্যদিকে ভারতের বক্তব্য, যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে পানি ও আন্তসীমান্ত নদীসংক্রান্ত বিষয় আলোচনার প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আগে থেকেই রয়েছে। দুই দেশের এই ভিন্ন অবস্থানের কারণে আলোচনা শুরুর প্রক্রিয়া এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
ইউএনবিকে দেওয়া বক্তব্যে বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব স্বীকার করে। ২০২৪ সালের ২২ জুন দুই পক্ষ তথ্য বিনিময়কে অগ্রাধিকার দেওয়া এবং যৌথ নদী কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন পানি বণ্টনের কাঠামো তৈরির বিষয়ে একমত হয়েছিল।
আরেক কর্মকর্তা গত ২৮ নভেম্বর ইউএনবিকে বলেন, ‘২০২৪ সালের জুনে দুই দেশ স্পষ্টভাবে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের বিষয়টি স্বাগত জানিয়েছিল।’
তিনি জানান, দুই দেশের ওই যৌথ অঙ্গীকারের ভিত্তিতেই বাংলাদেশ কারিগরি কমিটি গঠন করেছে। তবে ভারতীয় পক্ষের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানীও জানিয়েছেন, গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশ ভারতকে দুটি চিঠি পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘গঙ্গা চুক্তির বিষয়ে আমরা প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি।’
চুক্তির মেয়াদ শেষ, কার্যকর পানি বণ্টনও বন্ধ
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর।
তবে বাস্তবে চুক্তির আওতায় নির্ধারিত পানি বণ্টনের কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। কারণ, চুক্তি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজ থেকে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত শুষ্ক মৌসুমের পানি বণ্টন কার্যকর থাকে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত।
চলতি বছরের ৩১ মে ফারাক্কা ব্যারাজ থেকে নির্ধারিত সর্বশেষ পানি বাংলাদেশে প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে চলতি বছরের নির্ধারিত পানি বণ্টন পর্ব শেষ হয়েছে।
এখন চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন—আগের কাঠামো অপরিবর্তিত রেখে চুক্তি নবায়ন করা হবে, নাকি এর শর্তগুলো নতুন করে আলোচনা করে একটি সংশোধিত চুক্তি করা হবে?
বাংলাদেশ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং গঙ্গার পানি নিয়ে বাংলাদেশের কারিগরি কমিটির প্রধান অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর ইউএনবিকে বলেন, চুক্তি নিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ঢাকা আশা করছে, যাতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়।
তিনি জানান, ২০২৬ সালের জুনে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করে এবং বিষয়টি ভারতকে জানায়। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠন করে তার সদস্যদের বিষয়ে ঢাকাকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
অধ্যাপক তিতুমীর বলেন, আগস্ট মাসেও বাংলাদেশ একই অনুরোধ পুনর্ব্যক্ত করে ভারতকে কমিটি গঠন এবং আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদী ও পানি-সম্পর্কিত বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশনই প্রতিষ্ঠিত ব্যবস্থা।
নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভারতের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
নতুন চুক্তিতে পানির ন্যূনতম নিশ্চয়তা চায় বাংলাদেশ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মতপার্থক্যের একটি হতে পারে পানির ন্যূনতম নিশ্চয়তা।
কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. নীলাঞ্জন ঘোষ সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে বিষয়টি তুলে ধরেছেন।
তিনি উল্লেখ করেন, ফারাক্কা থেকে পানি ছাড়ার নির্ধারিত সময়সূচি ভারত প্রায় পুরোপুরি মেনে চললেও নতুন চুক্তির আলোচনায় বাংলাদেশ ১৯৭৭ সালের চুক্তির মতো ন্যূনতম পানির নিশ্চয়তা পুনর্বহালের দাবি জানাতে পারে।
১৯৭৭ সালের চুক্তিতে নির্ধারিত শুষ্ক মৌসুমের নির্দিষ্ট সময়ে প্রকৃত পানির প্রাপ্যতা কম থাকলেও বাংলাদেশকে তার নির্ধারিত বরাদ্দের অন্তত ৮০ শতাংশ দেওয়ার নিশ্চয়তা ছিল।
তবে ড. ঘোষের মতে, নদীতে প্রকৃত পানিপ্রবাহ যতই কম থাকুক না কেন, নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা থাকলে উজানের দেশ ভারতের ওপর অসমভাবে জলবায়ুজনিত পানিসংকটের ঝুঁকি চাপতে পারে।
তিনি বলেন, ‘ভারত তাই এমন একটি অবাস্তব দাবিতে সম্মতি দিতে পারে না। এতে ভারতের অভ্যন্তরীণ প্রয়োজন যা-ই থাকুক না কেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানিসংকটের অসম বোঝা দেশটিকে বহন করতে হতে পারে।’
বাংলাদেশ অবশ্য শুধু পুরোনো চুক্তি নবায়ন করতে চায় না। বরং দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং প্রয়োজনীয় পানির অংশ নিশ্চিত করতে নতুন চুক্তি করার পক্ষে ঢাকা।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা অবশ্যই একটি নতুন চুক্তি চাই। দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই আমরা এটি সম্পন্ন করতে চাই।’
বাংলাদেশের কর্মকর্তাদের মতে, দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার যে আগ্রহ ও সদিচ্ছা তৈরি হয়েছে, তার প্রথম বড় পরীক্ষাগুলোর একটি হবে গঙ্গার পানির ন্যায্য ও জলবায়ু-সহনশীল বণ্টনব্যবস্থা প্রতিষ্ঠা।
বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক অধ্যাপক শাহাব এনাম খানও মনে করেন, চুক্তিটি নবায়ন করা জরুরি। তবে সেটি সংশোধন করতে হবে।
সম্প্রতি ইউএনবিকে তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তি নবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি সংশোধন করতে হবে। এর খুব সাধারণ কারণ হলো, চুক্তিটি প্রায় তিন দশক আগে করা হয়েছিল।’
শুধু পানি বণ্টন নয়, নদীর সামগ্রিক ব্যবস্থাপনা জরুরি
বিশেষজ্ঞদের মতে, ১৯৯৬ সালের চুক্তির একটি মৌলিক সীমাবদ্ধতা হলো, এতে মূলত পানির পরিমাণগত বণ্টনের বিষয়টিই গুরুত্ব পেয়েছে। পুরো অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনা, নদীর পলি প্রবাহ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত সেবা এবং পরিবর্তিত অর্থনৈতিক চাহিদার বিষয়গুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
ড. নীলাঞ্জন ঘোষ তাঁর নিবন্ধে বলেন, গঙ্গা অববাহিকার পরিবেশগত সংকট ক্রমাগত গভীর হওয়ায় বিদ্যমান চুক্তি অপরিবর্তিতভাবে চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।
অর্থাৎ নতুন চুক্তিতে শুধু শুষ্ক মৌসুমে কে কতটুকু পানি পাবে, তা নির্ধারণ করলেই চলবে না। নদীর দীর্ঘমেয়াদি স্বাস্থ্য, পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়ও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
মরিশাসে অনুষ্ঠিত নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যাতে তাদের প্রয়োজনীয় পানির নিশ্চয়তা পায়, এমন একটি ব্যবস্থা কিংবা নতুন বা সংশোধিত চুক্তি দেখতে চায় ঢাকা।
সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের তিনি বলেন, ‘এগুলো অভিন্ন নদী। এখানে আমাদের অভিন্ন ঐতিহ্য ও অভিন্ন স্বার্থ রয়েছে। আমি আগেও বলেছি, টেকসই সমাধান খোঁজা ছাড়া আর কোনো বিকল্প নেই, যে সমাধানের ওপর জনগণের আস্থা থাকবে। আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্কের ভিত্তি তৈরির জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫৫ বছর ইতিমধ্যে পার হয়েছে। তাই সম্পর্ককে শুধু আগামী পাঁচ বা দশ বছরের দৃষ্টিতে দেখার সুযোগ নেই। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে।
তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। পারস্পরিক জলবায়ু সহনশীলতাকে আমাদের পররাষ্ট্রনীতি ও জনগণকেন্দ্রিক নীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করাই ভবিষ্যতের সম্পর্কের অন্যতম প্রধান চালিকাশক্তি হবে।’
গঙ্গার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশের অবস্থান পরিষ্কার—পুরোনো চুক্তির সাধারণ নবায়ন নয়, বরং পানির ন্যায্য হিস্যা, ন্যূনতম নিশ্চয়তা ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় একটি নতুন সমঝোতা চায় ঢাকা। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনো আলোচনার জন্য যৌথ নদী কমিশনকেই প্রধান কাঠামো হিসেবে তুলে ধরা হচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশ এই মতপার্থক্য কাটিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে পারে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
তথ্যসূত্র: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ), ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

