বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে বাগেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে।
এ সময় ভারতীয় জেলেদের মুক্তি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানায়- কারাগারের সামনে উপস্থিত থাকা ভারত থেকে আসা এসব ছেলেদের স্বজনরা।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন থেকে তাদের গাড়িতে করে মোংলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার জানায়, গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন ও ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। আজ তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হলো।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মুশফিক উস সালেহীন জানায়, বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেদের বিশেষ নিরাপত্তায় মংলায় নেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি বাংলাদেশও ভারতীয় ভারতীয় জনসীমায় দুই দেশের কোস্টগার্ডের বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ভারতের কারাগারে থাকা বাংলাদেশের ৭৮ জন জেলেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ভারতের জেলা কারাগারে আটক থাকা ৭৮ জন জেলে থাকলেও কতজনকে মুক্তি দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

