লিবিয়ার উপকূলে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৩ বাংলাদেশির মধ্যে ১১ জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা দালালদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতদের পরিচয় ও পরিবারের প্রতিক্রিয়া-
থানা পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় অনুযায়ী, নিহতদের পরিচয়- ১. টিটু হাওলাদার (পশ্চিম স্বরমঙ্গল গ্রাম) ২. আবুল বাশার আকন (গোবিন্দপুর) ৩. নীল রতন বাড়ৈ (সুন্দিকুড়ি) ৪. সাগর বাড়ৈ (সুন্দিকুড়ি) 5. সাগর বিশ্বাস (সুন্দিকুড়ি) ৬. ইনসান শেখ (গোবিন্দপুর) ৭. আশীষ কীর্তনীয়া (গোবিন্দপুর) ৮. অমল কীর্তনীয়া (বৌলগ্রাম) ৯. অনুপ সরদার (বৌলগ্রাম) ১০. সজিব মোল্লা (শাখারপাড়) ১১. রাজীব হোসেন (সাতবাড়িয়া)
মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার (পিতা হাসান হাওলাদার, মাতা কুলসুম বেগম) পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন। তবে দালালদের প্রতারণার শিকার হয়ে সাগরে ডুবে প্রাণ হারান তিনি। ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা।
টিটুর মা কুলসুম বেগম বলেন, ‘আমি আমার বাবাকে চাই। আমার একমাত্র সন্তান ছিল সে। তাকে বিদেশ পাঠানোর জন্য ১৬ লাখ টাকা দালালকে দিয়েছি, কিন্তু সে আর ফিরে এল না।’
নিহত আবুল বাশার আকনের বড় ভাই বাচ্চু আকন বলেন, ‘ভাই ও ভাগ্নেকে বিদেশ পাঠাতে দুই দালালকে ২৮ লাখ টাকা দিয়েছি। জমিজমা বিক্রি করেছি, ঋণ নিয়েছি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার যেন তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।’
দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। আর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
স্থানীয় প্রশাসনের বক্তব্য-
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হোসেন খান জানান, ‘নিহতদের পরিচয় নিশ্চিত করে তালিকা তৈরি করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
তিনি আরো জানান, ‘ঘটনার সঙ্গে রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিকুল ইসলাম নামে ৩ দালাল জড়িত থাকার তথ্য পেয়েছি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরবর্তী পদক্ষেপ-
পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

