থাইল্যান্ডে আগামী ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকার ইতোমধ্যে থাইল্যান্ড কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করেছে।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনের মধ্য দিয়েই বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করা হবে।
মোদি ও ইউনূসের সরাসরি সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা। এর আগে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর মোদি অধ্যাপক ইউনূসকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। এরপর তাঁদের মধ্যে টেলিফোনে সংক্ষিপ্ত আলাপ হলেও সামনাসামনি কোনো বৈঠক হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে নরেন্দ্র মোদি দেশে ফিরে যান। এরপর অধ্যাপক ইউনূস নিউইয়র্কে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সম্প্রতি ওমানের মাসকটে ভারত মহাসাগরীয় সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিতীয় দফা বৈঠক হয়। সেখানে বিমসটেক সম্মেলনে দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক বর্তমানে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। ভারত সরকার সে দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি বারবার তুলে ধরছে।
অন্যদিকে বাংলাদেশ আপত্তি জানাচ্ছে ভারতে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে। তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, তবে ভারত এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মন্তব্য করেছেন, বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে চায় কি না, তা প্রথমে তাদেরই নির্ধারণ করতে হবে। মুখে সুসম্পর্কের কথা বলা হলেও সরকারেরই কেউ কেউ ভারতবিরোধী মন্তব্য করছেন, যা সম্পর্ক উন্নয়নের পথে বাধা হতে পারে।
এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারতকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে দেখতে চায়, তবে সম্পর্কের ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ওপর দাঁড়াতে হবে।
এই পরিস্থিতিতে বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদি ও মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। তাঁদের সাক্ষাৎ হলে দুই দেশের চলমান কূটনৈতিক টানাপোড়েন নিরসনের কোনো অগ্রগতি হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

