বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য চালু করা হয়েছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ চ্যাটবট। ভ্রমণকারীদের জন্য উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ভিএফএস গ্লোবাল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও ভারতে অবস্থিত তাদের এআই সেন্টারে এই চ্যাটবট তৈরি করা হয়েছে। এটি যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে।
চ্যাটবটটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি, যা মানবসদৃশ কথোপকথনে পারদর্শী। এটি ভয়েস এবং টেক্সট ইনপুটের মাধ্যমে কাজ করতে সক্ষম- ফলে ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যাবে।
যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য তাৎক্ষণিক, নির্ভুল ও সহজলভ্য তথ্য সরবরাহ করাই এই চ্যাটবটের প্রধান লক্ষ্য।
ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের কাস্টমার সার্ভিসেস গ্রুপের কর্মকর্তা জেন ভিডলার জানান, ভিএফএস গ্লোবালের এআই-চালিত চ্যাটবট আমাদের ভিসা পরিষেবাকে আরও সহজ ও কার্যকর করবে। এটি সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

