সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সিনেটর গ্যারি পিটারস। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।
তাদের এ সাক্ষাৎকালে অন্যকোন বিষয়ে কথা হয়েছে কিনা, তা জানা যায় নি। এসময় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিনেটর গ্যারি পিটারস সোমবার ঢাকা সফরে আসেন।

