মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার মেক্সিকো সিটির ঐতিহাসিক ন্যাশনাল প্যালেসে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের পক্ষে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে একটি উষ্ণ আমন্ত্রণও জানান।
রাষ্ট্রদূত জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন চলতি বছর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তিনি এ সম্পর্ককে বাণিজ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে সরাসরি বিনিময়ের ক্ষেত্রে আরো সমৃদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকায় একটি পূর্ণাঙ্গ মেক্সিকান দূতাবাস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টিও রাষ্ট্রদূত বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম রাষ্ট্রদূতকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং মেক্সিকোতে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার বন্ধুত্ব আরো গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী পাঞ্জাবি, পাজামা ও কটি পরিহিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন হিসেবে পরিচিত ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন।
বিশ্লেষকদের মতে, এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিনিময় দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

