গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার নিন্দা ও বিচার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে উত্তর গেট সংলগ্ন সড়কে শুরু হয় এ বিক্ষোভ।
জুমার নামাজ শেষ হতেই একটি মিছিল পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীরা এসময় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর স্লোগান দেয়।
বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও প্রিজন ভ্যান। মসজিদের বিভিন্ন প্রবেশপথে মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য। নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় মসজিদে প্রবেশকারী মুসল্লিদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পাশাপাশি সাদা পোশাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরাও জ্যাকেট পরে সতর্ক অবস্থানে ছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলায় শত শত বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সেই প্রেক্ষাপটেই ঢাকায় এই বিক্ষোভ আয়োজন করা হয়।

