বিশ্বের নিরাপদ দেশের তালিকায় আরব দেশগুলো শীর্ষস্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা Numbeo-এর ২০২৫ সালের গ্লোবাল সেফটি ইনডেক্স অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ৮৪.৫ স্কোর নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বে দ্বিতীয় নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ছোট্ট দেশ আন্দোরা, যার স্কোর ৮৪.৭।
নিরাপত্তার দিক থেকে কাতার ৮৪.২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, ওমান রয়েছে পঞ্চম স্থানে। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৪ সালে যেখানে দেশটির অবস্থান ছিল ২৬তম, সেখানে এবার তারা উঠে এসেছে ১৪তম স্থানে। তবে বাহরাইনের অবস্থান কিছুটা পিছিয়েছে, দেশটি এখন রয়েছে ১৬তম স্থানে।
যুক্তরাজ্য তিন ধাপ পিছিয়ে ৮৭তম অবস্থানে নেমেছে, আর যুক্তরাষ্ট্র রয়েছে ৮৯তম স্থানে। চলমান সংঘাতের মধ্যেও ফিলিস্তিন তুলনামূলকভাবে এগিয়েছে, তারা তালিকার ৬১তম স্থানে রয়েছে। অন্যদিকে ইউক্রেনের অবস্থান ৮০তম।
১৪৭টি দেশের মধ্যে সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে ভেনেজুয়েলা শীর্ষে রয়েছে। এরপর রয়েছে পাপুয়া নিউ গিনি, হাইতি, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
অনিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ ২২তম স্থানে রয়েছে। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে বিশ্বের ১২৫তম অবস্থানে রয়েছে দেশটি। অপরাধ সূচকে বাংলাদেশের স্কোর ৬১.৬, যেখানে নিরাপত্তা সূচকে এটি মাত্র ৩৮.৪। তুলনামূলকভাবে সবচেয়ে অনিরাপদ দেশ ভেনেজুয়েলার অপরাধ সূচক ৮০.৭।
বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণে Numbeo বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশ করে, যার মধ্যে রয়েছে অপরাধের অনুভূত মাত্রা, দিন-রাতের নিরাপত্তা, চুরি, হয়রানি, হামলা, সম্পত্তি সংক্রান্ত অপরাধ ও বৈষম্য।

