বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে রেল সংযোগ স্থাপন প্রকল্প স্থগিত করেছে ভারত সরকার। প্রায় ৫ হাজার কোটি রুপির এই বৃহৎ প্রকল্পের অগ্রগতি আপাতত থেমে গেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ অংশে চলমান নির্মাণকাজ এবং উপকরণ পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রকল্প স্থগিতের কারণ হিসেবে ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা’-কে উল্লেখ করা হয়েছে। তবে ভারতের অংশে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দ্য হিন্দুর বরাত দিয়ে জানা যায়, প্রকল্পটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বিকল্প রেল করিডর গঠনের উদ্দেশ্যে নেয়া হয়েছিল। এর মাধ্যমে সরু শিলিগুড়ি করিডরের (চিকেন নেক) ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশের ভূখণ্ড হয়ে রেল চলাচল নিশ্চিত করার পরিকল্পনা ছিল ভারতের।
ভারতের সহায়তায় বাংলাদেশে নির্মাণাধীন প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
- আখাউড়া-আগরতলা রেল সংযোগ
- খুলনা-মোংলা বন্দর রেললাইন
- ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ
- খুলাবুড়া-শাহবাজপুর রেললাইন পুনর্নির্মাণ
এই প্রকল্পগুলো থেমে যাওয়ায় উভয় দেশের রেল যোগাযোগ উন্নয়নে ধীরগতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে পরিস্থিতি বিবেচনায় ভারত তার ভূরাজনৈতিক কৌশল পুনর্বিন্যাস করছে। উত্তর প্রদেশ ও বিহারে রেললাইন দ্বিগুণ থেকে চারগুণ করার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে ভুটান ও নেপালের সঙ্গে নতুন রেল সংযোগ গড়ে তোলার চিন্তাভাবনাও চলছে। যদিও এগুলো বাস্তবায়নে জটিল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ রয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে যৌথ প্রকল্প স্থগিতের ঘটনাটি শুধু অবকাঠামোগত নয়, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তবে পরিস্থিতি স্থিতিশীল হলে এই প্রকল্পগুলো আবারও চালু হতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

