ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীবেষ্টিত ৪৩টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পাঁচ মাস ধরে বিদ্যুৎ-সংযোগ ছাড়া আছেন। সন্ধ্যা নামলেই গ্রামগুলো অন্ধকারে ডুবে যায়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত ৮ জুন পদ্মার তলদেশে সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এর ফলে উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের ৪৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এত দীর্ঘ সময়েও সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ ও টেলিভিশনসহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। গরুর খামার চালাতে না পেরে কেউ কেউ গরু বিক্রি করে দিয়েছেন। অনেকের বাড়িতে সোলার ব্যবস্থা থাকলেও তা দিয়ে প্রয়োজনীয় সব কাজ চলছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোলার ব্যবস্থাও নেই।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, এটি এ অঞ্চলে প্রথম বিদ্যুৎ-বিভ্রাট নয়। ২০২২ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর এ পর্যন্ত চারবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোনোবার আট মাস, কোনোবার তের মাস পর্যন্ত বিদ্যুৎ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, অন্য এলাকায় উন্নত তিন ফেজের কেবল ব্যবহার করা হলেও এখানে এক ফেজের নিম্নমানের কেবল দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।
বিদ্যুৎ বিভাগের বক্তব্য, পদ্মার প্রবল স্রোত ও নদীর তলদেশে পলি জমে থাকায় কেবল মেরামত করা সম্ভব হয়নি। এ অবস্থায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন চার কিলোমিটার কেবল বরাদ্দ দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সংযোগ চালু করা হবে।
তবে অতীত অভিজ্ঞতার কারণে স্থানীয়দের মধ্যে আশ্বাসের প্রতি আস্থা কম। তারা দ্রুত কার্যকর সমাধান চান। একই সঙ্গে বারবার কেবল ছিঁড়ে যাওয়ার কারণ অনুসন্ধান এবং নদীর স্রোত ও ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় টেকসই প্রযুক্তি ও বিকল্প সংযোগের ব্যবস্থা করার দাবিও উঠেছে।

