বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে এবারে হতাশাজনক চিত্র বাংলাদেশের জন্য। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ গত ২৩ এপ্রিল প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’। প্রকাশিত তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই এশিয়ার সেরা ৩০০-এর মধ্যে জায়গা পায়নি।
তবে আশার কথা, বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবার র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে।
এবারের র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), যার অবস্থান বুয়েটের সাথেই ৩০১-৩৫০ স্তরে।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ তিনটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান তালিকার ৩৫১-৪০০ স্তরে।
বিভিন্ন বছরের তুলনায় সবচেয়ে বেশি অবনতি হয়েছে দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। ২০২৩ সালে দেশসেরা অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালে নেমে আসে ৬ নম্বরে, আর এবছর আরও পিছিয়ে দশম স্থানে। তালিকায় ঢাবির অবস্থান ৪০১-৫০০ স্তরের মধ্যে।
২০২৪ সালে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি, কিন্তু এবার তার অবস্থান ১২তম। বিশ্ববিদ্যালয়টির এমন অবস্থান নিয়েও উচ্চশিক্ষা মহলে আলোচনার জন্ম দিয়েছে।
এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় তালিকায় প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং অবনমন নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। গবেষণা, আন্তর্জাতিকীকরণ, ফ্যাকাল্টি-স্টুডেন্ট অনুপাত, শিল্প-যোগাযোগ ও প্রভাব বিবেচনায় করা এই র্যাঙ্কিংয়ের ফলাফল শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

