বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। সূত্র: বাসস
৮৮ বছর বয়সে গত সোমবার মারা যান পোপ ফ্রান্সিস। তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা আজ সেন্ট পিটার্স স্কয়ারে শুরু হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজনেরা যোগ দেন।
অধ্যাপক ইউনূস বিশ্বের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বসে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরো অনেকে।
ইতালির পুলিশের তথ্যমতে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে সেন্ট পিটার্স স্কয়ার ও আশপাশের এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ জমায়েত হন। অনুষ্ঠানের এক ঘণ্টা আগে ৪০ হাজার ধারণক্ষমতার স্কয়ার প্রায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের রাস্তাগুলোয় জড়ো হন আরো প্রায় ১ লাখ মানুষ।
প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক ইউনূসের কাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। বিশ্বব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ইউনূসের প্রচেষ্টা এবং তার ‘তিন শূন্য’ তত্ত্ব- যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য বা কার্বন নিঃসরণ থাকবে না- এর তিনি ভূয়সী প্রশংসা করতেন।
পোপ ফ্রান্সিস ও অধ্যাপক ইউনূস যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন, যা বৈশ্বিক উন্নয়ন প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করে।

