কমনওয়েলথভুক্ত দেশগুলোর ৩৭তম স্বাস্থ্যমন্ত্রীদের সভায় অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ১৭ মে জেনেভায় অনুষ্ঠিতব্য এই সভায় অংশ নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. নাজমুল হোসেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে দেশের প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভাটি ৭৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির (ডব্লিউএইচএ) সাইডলাইনে আয়োজিত হচ্ছে এবং এটি কমনওয়েলথের নবনিযুক্ত মহাসচিব শার্লি আয়রকো বোতচওয়ের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক। তিনি গত ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন।
সভায় ২৭০ কোটি জনগণের প্রতিনিধিত্বকারী ৫৬টি কমনওয়েলথ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক ও উন্নয়ন অংশীদাররা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয় থাকবে স্বাস্থ্যখাতে টেকসই অর্থায়ন, বৈষম্য হ্রাস ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থা চ্যালেঞ্জ মোকাবিলার উপায়।
সভায় সভাপতিত্ব করবেন লেসোথোর স্বাস্থ্যমন্ত্রী সেলিবে মোচোবোরোয়ানে। এবারের মূল প্রতিপাদ্য ‘স্বাস্থ্যে বিনিয়োগ: ন্যায়সঙ্গত কমনওয়েলথের জন্য টেকসই অর্থায়ন’।
কমনওয়েলথ মহাসচিব বোতচওয়ে বলেছেন, “স্বাস্থ্যখাতে প্রতিটি বিনিয়োগ মানুষের ভবিষ্যতের ওপর বিনিয়োগ। এটি শুধু উৎপাদনশীলতা বা প্রবৃদ্ধি নয় বরং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের রূপরেখা।” তিনি আরও বলেন, “আমরা শুধু নীতিনির্ধারণে থেমে থাকতে পারি না, আমাদের বাস্তব পদক্ষেপে অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
সভায় আলোচনার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে:
- স্বাস্থ্যখাতে জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধির চ্যালেঞ্জ
- কমনওয়েলথ ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকসেস হাবের কার্যকারিতা
- অসংক্রামক রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি অর্থায়ন
- কমনওয়েলথভুক্ত নাগরিকদের জন্য বার্ধক্যবান্ধব স্বাস্থ্য রোডম্যাপ
- ডিজিটাল টুলে বিনিয়োগের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত
এছাড়া, কমনওয়েলথ সরকারপ্রধানদের সর্বশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতিও তুলে ধরা হবে।
জেনেভা সফরকালে মহাসচিব বোতচওয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থনৈতিক সংস্থাসমূহের প্রধান এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় থাকবে ‘সবার জন্য স্বাস্থ্য’ প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ পদক্ষেপ গ্রহণ ও স্বাস্থ্যখাতে অর্থায়ন বাড়ানোর কৌশল।
সভায় আলোচিত সুপারিশগুলো ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ অ্যাডভাইজরি কমিটি অন হেলথের বৈঠকে চূড়ান্ত করা হবে। এরপর সভাপতি মোচোবোরোয়ানে ৭৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে কমনওয়েলথভুক্ত সব দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন।

