পানি নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতের কারণ হয়েছে। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও গঙ্গা একটি ‘জল কূটনীতি’র গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফারাক্কা বাঁধ আজ শুধু একটি পানি প্রকল্প নয়- এটি অঞ্চলের পরিবেশ, রাজনীতি ও ভবিষ্যৎ সম্পর্কের একটি সংবেদনশীল সূচক।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ সংলগ্ন এলাকায় সামরিক মহড়ার আয়োজন নতুন করে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ মে) ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু, রেললাইন এবং আশেপাশের এলাকায় বিএসএফ, সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে এক কৃত্রিম মহড়া (মকড্রিল) পরিচালিত হয়। এতে অংশ নেয় ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ একাধিক সরকারি ও আধাসামরিক সংস্থা।
কেন এই মহড়া?
ফারাক্কা বাঁধ প্রকল্প ভারতের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র স্থলপথ যোগাযোগের মাধ্যম। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জনগণ ও নিরাপত্তা বাহিনীর করণীয় ঠিক করতেই এই মকড্রিল বলে জানানো হয়েছে। সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে। তাঁর ভাষায়, “শুধু সীমান্তে নয়, দেশের ভেতরেও বিপদের সম্ভাবনা রয়েছে। ফারাক্কার মতো সংবেদনশীল স্থানে সম্মিলিতভাবে প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি।”
বিশ্লেষকরা এটিকে শুধু একটি প্রতিরক্ষা কৌশল নয় বরং কূটনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। ইতিহাস বলছে, এই বাঁধ ঘিরেই দুই দেশের সম্পর্ক একাধিকবার টানাপোড়েনের মুখে পড়েছে। বিশেষ করে, যেখানে এই বাঁধ ঘিরে ইতিহাস জুড়ে বাংলাদেশ-ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বিদ্যমান।

ঔপনিবেশিক শিকড় ও বাঁধ নির্মাণের পটভূমি-
ফারাক্কা বাঁধের পরিকল্পনা জন্ম নেয় ঔপনিবেশিক ভারতের সময়ে- কলকাতা বন্দরের নাব্যতা সংকট দূর করার প্রয়োজনে। ১৮৫১ থেকে ১৯৪৬ সালের মধ্যে ব্রিটিশ সরকার এ নিয়ে অন্তত পাঁচটি সমীক্ষা চালায়। কিন্তু ভারতীয় প্রকৌশলী কপিল ভট্টাচার্য আগেই সতর্ক করেছিলেন যে, গঙ্গার স্রোতধারা ঘুরিয়ে হুগলীতে প্রবাহিত করলে জলাবদ্ধতা, নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা বিপর্যয় ঘটতে পারে।
তাঁর আশঙ্কা ছিল, গঙ্গা ও ভাগীরথীর উচ্চতায় পার্থক্য থাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হবে না এবং ফলস্বরূপ নদীর গতি পরিবর্তন হয়ে পড়বে। সেই প্রাক-সতর্কতা যে আজ কতটা বাস্তব- তা বাংলাদেশ প্রত্যক্ষ করছে।
একতরফা পানি সরানো ও কূটনৈতিক জটিলতা-
১৯৫১ সালেই তৎকালীন পাকিস্তান সরকার ভারতের একতরফা পানি অপসারণের পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি তোলে। এরপর ১৯৭০ সাল পর্যন্ত চলে ভারত-পাকিস্তান মধ্যে আলোচনা। অথচ আলোচনা চলার মাঝেই ভারত ১৯৭০ সালে ফারাক্কা বাঁধ নির্মাণ সম্পন্ন করে, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত।
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের সূচনার পরও গঙ্গার পানি বণ্টন ইস্যুতে ভারতের সাথে টানাপোড়েন অব্যাহত থাকে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার পরীক্ষামূলকভাবে ভারতকে দশ দিনের জন্য পানি সরানোর অনুমতি দিলেও- তাঁর হত্যাকাণ্ডের পর ভারত পূর্ণমাত্রায় ফারাক্কা চালু করে দেয়।

ফারাক্কা লং মার্চ: একটি ঐতিহাসিক প্রতিবাদ-
১৯৭৬ সালের ১৬ মে, ৯০ বছর বয়সী মজলুম জননেতা মাওলানা ভাসানী ভারতের একতরফা পানি সরানোর প্রতিবাদে রাজশাহী থেকে শিবগঞ্জ পর্যন্ত ৬৪ মাইল দীর্ঘ ‘ফারাক্কা লং মার্চ’ পরিচালনা করেন। হাজারো মানুষ অংশ নেয় এই ঐতিহাসিক প্রতিবাদে। এটি ছিল পানির ন্যায্য অধিকার আদায়ের এক অনন্য রাজনৈতিক আন্দোলন।
ভাসানী এই লং মার্চের মাধ্যমে সরাসরি ভারতীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন: বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করলে দেশজুড়ে ভারতীয় পণ্য বর্জনের মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
জলবণ্টন চুক্তি ও বারবার ভাঙা প্রতিশ্রুতি-
ফারাক্কা ইস্যু বহুবার আলোচনার টেবিলে এসেছে। জাতিসংঘ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে ১৯৭৬ সালে। এরপর ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫ সালে সাময়িক চুক্তি হলেও ভারতের একতরফা পানি অপসারণ বন্ধ হয়নি।
বিশেষত ১৯৯৩ সালে বাংলাদেশে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানিপ্রবাহ নেমে আসে মাত্র ২৬১ কিউসেকে, যা এক দশক আগেও ছিল ১৯৮০ কিউসেক। অবশেষে ১৯৯৬ সালে বিগত আওয়ামী সরকার প্রধানের নেতৃত্বে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় দিল্লিতে।

বাংলাদেশের কৃষি ও পরিবেশে চরম প্রভাব-
ফারাক্কার একতরফা পানি প্রত্যাহার শুধু কূটনৈতিক সমস্যা নয়, এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, বন, ও নদী ব্যবস্থায় বিপর্যয় ডেকে এনেছে। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীর তলদেশ শুকিয়ে এতটাই নাব্যতা হারিয়েছে যে, সেখানে শুষ্ক মৌসুমে গাড়ি চলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
জাতিসংঘ পরিবেশ সংস্থার গবেষণায় দেখা যায়, পলি প্রবাহ ২০ শতাংশ, কার্বন প্রবাহ ৩০ শতাংশ কমে গেছে। ফলে কৃষিজমির উর্বরতা হ্রাস পেয়েছে, জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খল ভেঙে পড়েছে, ইলিশের মতো গুরুত্বপূর্ণ মাছ বিলুপ্তির পথে।

