কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে ঈদুল আজহার সময় কোরবানি দেওয়ার রেওয়াজ চলে আসছে প্রায় চার দশক ধরে। প্রতিবছর মিশনের উদ্যোগে গরু ও ছাগল কোরবানি দেওয়া হয়। এই মাংসের বড় অংশ পাঠানো হয় এতিমখানায়। পাশাপাশি মিশনের আশপাশে থাকা মুসলিম বাসিন্দারাও এ আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন।
তবে এবার সেই দীর্ঘদিনের প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। মিশনে যোগদানের আগেই তিনি জানিয়ে দেন, কোরবানি দেওয়া যাবে না। তার এই সিদ্ধান্তে কলকাতা মিশনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে সরকারের ভেতরেও। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তাকে ঢাকায় তলব করা হতে পারে।
জানা গেছে, দূতাবাসের কর্মকর্তারা বিষয়টির সংবেদনশীলতা বোঝাতে চেষ্টা করেন। তারা অনুরোধ করেন, তিনি যেন ঈদের পর দায়িত্ব নেন। তবে তিনি তাতে রাজি হননি। বরং স্পষ্ট জানিয়ে দেন, ঈদের আগেই দায়িত্ব নেবেন এবং কোরবানির সব প্রস্তুতি বন্ধ করতে হবে।
শাবাব বিন আহমেদ বর্তমানে নেদারল্যান্ডসের হেগে মিনিস্টার (রাজনৈতিক) হিসেবে কর্মরত। জানুয়ারিতে তার কলকাতা পোস্টিংয়ের আদেশ হয়। জুনের প্রথম সপ্তাহে দায়িত্ব নেওয়ার কথা।
তার ভাষ্য, “কলকাতা ছাড়া অন্য কোনো মিশনে কোরবানি হয় না। আমি পাঁচটি মিশনে কাজ করেছি। কোথাও এমনটা হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা কূটনীতিক। হোস্ট কান্ট্রির ধর্মীয় অনুভূতিও গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মিশনের নিরাপত্তায় যারা কাজ করেন, তাদের অনেকেই গরুকে পূজা করেন। তারা যাকে পূজা করেন, তাকেই কোরবানির সময় জবাই করা হলে তারা কেমন অনুভব করেন, সেটা ভাবতে হবে।”
তবে তার এই বক্তব্যেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেক কর্মকর্তা মনে করছেন, বিষয়টি শুধু ধর্মীয় নয় বরং রাজনৈতিকভাবেও স্পর্শকাতর। দীর্ঘদিনের একটি প্রথা এভাবে হঠাৎ বন্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়। সরকারের উচ্চপর্যায় থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সব মিলিয়ে কলকাতা মিশনে তৈরি হয়েছে চরম অস্থিরতা। শাবাব বিন আহমেদের দায়িত্ব গ্রহণের আগেই তার সিদ্ধান্ত ঘিরে এই উত্তেজনা পরবর্তীতে আরও বড় সংকটের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

