চার বিঘা জমি বর্গা নিয়ে এ বছর বোরো ধানের আবাদ করেছিলেন মনু মিয়া। তাঁর বয়স ৪৩ বছর। তিনি গাইবান্ধার ছোট একটি গ্রামের কৃষক। সোনার ফসল ঘরে তোলার স্বপ্নে তিনি ৪ মাসের বেশি সময় ধরে দিনরাত পরিশ্রম করেছেন। যেখানে যা খরচ করার দরকার ছিল, কোনো কিছুতেই কমতি রাখেননি। কিন্তু এত কষ্টের ফল হয়তো এবার শূন্যই থাকবে।
কারণ এখনো দুই বিঘা জমির ধান ঘরে তুলতে পারেননি তিনি। প্রধান সমস্যা হচ্ছে শ্রমিক সংকট। এরই মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। ফলে পাকা ধান পানির নিচে ডুবে গেছে। এখন যদি দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলা না যায়, তাহলে পুরো ফসলই নষ্ট হয়ে যাবে।
মনু মিয়া জানান, তিনি ধারদেনা করে এই আবাদ করেছেন। তাঁর পরিকল্পনা ছিল কিছু ধান বিক্রি করে ঋণ শোধ করবেন। আর বাকি ধান দিয়ে সংসারের কয়েক মাসের খরচ চালাবেন। কিন্তু ফসল ঘরে তোলার আগে বৈরী আবহাওয়া আর শ্রমিক সংকট তাঁর সব পরিকল্পনা ভেঙে দিয়েছে।
গাইবান্ধা সদর কৃষক করিম মিয়া বলেন, তাঁর তিন বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ধান যদি কাটা না যায়, তাহলে পানির নিচে গাঁজ ধরবে। তিনি এখন এই নিয়ে দুশ্চিন্তায় আছেন।
আরেক চাষি নাসু মিয়া জানান, কয়েক দিনের ঝড় ও বৃষ্টিতে তাঁর পাকা ধান ডুবে গেছে। পাশাপাশি নেক ব্লাস্ট রোগে ধানের অনেক ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ বছর তাঁর ধানে বড় ধরনের ক্ষতি হয়েছে।
কৃষক আফসার আলী বলেন, খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ডুবে যাওয়া ধান কাটতে শ্রমিকেরা বেশি মজুরি চাইছেন। তিনি বলেন, “আমার মতো অল্প জমিওয়ালা কৃষকের ধান কাটতে শ্রমিকরা নানা অজুহাত দেখাচ্ছে। বাধ্য হয়ে স্ত্রী আর সন্তানদের নিয়ে নিজেরাই ধান কাটছি। বাকি ধান এখনো খেতে পড়ে আছে। যদি দুই-তিন দিন এরকম বৃষ্টি চলতে থাকে আর ধান কাটা না যায়, তাহলে সব ধান খেতেই নষ্ট হয়ে যাবে।”
তিনি আরও বলেন, গত বছর ধান কাটা-মাড়াইয়ে প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছিল। এবার সেখানে খরচ দাঁড়াচ্ছে ৬-৭ হাজার টাকায়।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার অনেক জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কিছু জমির ধানগাছ পানির চাপে হেলে পড়েছে। আবার কিছু জমির ধানগাছ এখনো পানির উপরে দেখা গেলেও তাদের শিষ ধীরে ধীরে নুয়ে পড়ছে।
এখনো অনেকে হাইব্রিড জাতের মোটা ধান ঘরে তুলতে পারেননি। ধান কাটতে এসে শ্রমিকেরা বলছেন, এবার কাজের কষ্ট বেশি। কারণ পানিতে ডুবে যাওয়া ধান কাটা কঠিন। অনেক ক্ষেতেই ধান ভেজা অবস্থায় কাটতে হচ্ছে। আবার অনেক ক্ষেতের ধান পানির নিচে নষ্ট হয়ে গেছে। এজন্য তারা আগের বছরের তুলনায় বেশি মজুরি নিচ্ছেন।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম জানান, এ বছর জেলায় ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।
তিনি জানান, প্রতি বিঘায় সাধারণত ২৪ থেকে ২৫ মণ ধান হয়। কিন্তু এ বছর ঘন ঘন ঝড়বৃষ্টি আর ব্লাস্ট রোগের কারণে ফলন কম হতে পারে। বিভিন্ন এলাকায় এখনো ধান কাটা চলছে। অনেক জায়গায় যেখানে গত বছর ২৫ মণ ধান হয়েছিল, এবার সেখানে ১৮ থেকে ২০ মণ ধান উঠছে।
তিনি আরও বলেন, শুধু ধানই নয়, বৃষ্টির কারণে আউশ ধান ও শাকসবজির খেতও নষ্ট হয়ে গেছে। শাকসবজির ক্ষতির হিসাব মাঠ পর্যায়ে তৈরি করা হচ্ছে।

