বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও মানসম্মত তথ্য উপস্থাপনের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এবারের ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড-২০২৫-এ সব খাত মিলিয়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এবারের আয়োজনে বিএসআরএম স্টিলস সামগ্রিক বিজয়ী হওয়ার পাশাপাশি উৎপাদন খাতেও স্বর্ণ পুরস্কার পেয়েছে। একই খাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ রৌপ্য এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে। ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আরএকে সিরামিকস পেয়েছে সার্টিফিকেট অব মেরিট।
ব্যাংক ও আর্থিক খাতে যারা এগিয়ে
বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে স্বর্ণ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ব্যাংক এশিয়া এবং ইস্টার্ন ব্যাংক যৌথভাবে রৌপ্য পুরস্কার অর্জন করেছে। ঢাকা ব্যাংক পেয়েছে ব্রোঞ্জ পুরস্কার। এ ছাড়া সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক পেয়েছে সার্টিফিকেট অব মেরিট।
আর্থিক সেবা খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স পেয়েছে সার্টিফিকেট অব মেরিট। সাধারণ বিমা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স। জীবন বিমা খাতে রৌপ্য পুরস্কার অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
এ ছাড়া অলাভজনক প্রতিষ্ঠান ও এনজিও খাতে স্বর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক, রৌপ্য পেয়েছে শক্তি ফাউন্ডেশন এবং ব্রোঞ্জ পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বর্ণ পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা এবং ব্রোঞ্জ পেয়েছে গ্রামীণফোন। কৃষি খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে এসিআই ফর্মুলেশনস।
খাতভিত্তিক স্বীকৃতির পাশাপাশি করপোরেট সুশাসন ও সমন্বিত প্রতিবেদন তৈরির জন্যও পুরস্কার দিয়েছে আইসিএবি। করপোরেট গভর্ন্যান্স বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে স্বর্ণ পুরস্কার অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স। এসব পুরস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য প্রকাশ, স্বচ্ছতা, জবাবদিহি ও করপোরেট প্রতিবেদন তৈরির মানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

