আসন্ন কোরবানির ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া বেতন ও ভাতা পরিশোধে ২৮ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাঁদের জেলে যেতে হতে পারে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ বুধবার সচিবালয়ে এসব তথ্য জানান। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রী নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইতোমধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরেও যেতে পারবেন না।
সম্প্রতি বকেয়া বেতন-ভাতার দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে। কাকরাইলের শ্রম ভবন এবং উপদেষ্টার যমুনা বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে গার্মেন্টস মালিকরা আশ্বাস দেন, প্রয়োজনে ঘরবাড়ি বিক্রি করেও শ্রমিকদের পাওনা ২৮ মে’র মধ্যে পরিশোধ করবেন।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, “এই প্রতিশ্রুতি আমাদের আশাবাদী করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকরা তাঁদের পাওনা বুঝে পাবেন। এর অন্যথা হলে আইন চলবে আপন গতিতে।”
তিনি আরও বলেন, “যাঁরা বেতন দিতে পারবেন না, তাঁদের গার্মেন্টস চালানোর কোনো অধিকার নেই। কেউ কেউ হয়তো ফ্যাশন করে গার্মেন্টস খুলেছেন, তবে এবার থেকে এসব বন্ধ করতে হবে।”
টিএনজেড গার্মেন্টস ও মাহমুদ গার্মেন্টসসহ পাঁচটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, আসন্ন ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বৈঠকে উপদেষ্টা জানান, ঈদের আগে ও পরে নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না। যাত্রীবাহী লঞ্চে চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আগেভাগেই সতর্কতা দিতে আবহাওয়া অধিদপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে।

