ভারতের আসাম রাজ্যে চলমান বিদেশি বিতাড়ন নীতির অংশ হিসেবে এক সরকারি স্কুলের সাবেক শিক্ষক খায়রুল ইসলামকে বাংলাদেশে পুশ ইন (জোরপূর্বক সীমান্ত পার করে পাঠানো) করার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে নাগরিকত্ব সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় এই জোরপূর্বক প্রত্যাবাসনকে বেআইনি ও অমানবিক বলে উল্লেখ করেছেন তাঁর পরিবার ও বিরোধী দলীয় নেতারা।
৫১ বছর বয়সী খায়রুল ইসলাম আসামের মরিগাঁও জেলার খান্দা পুখুরি গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। ২০১৬ সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে বিদেশি ঘোষণা করে। তিনি এই রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আপিল করলে সেটি ২০১৮ সালে খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন, যার সর্বশেষ শুনানি হয়েছে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর। মামলা এখনো বিচারাধীন।
এরপরও ২৩ মে পুলিশ খায়রুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রীতা খানম ও মেয়ে আফরিন। তাঁকে প্রথমে মাটিয়া ট্রানজিট ক্যাম্পে রাখা হয় এবং পরে ২৭ মে চোখ ও হাত বেঁধে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে তাঁরা অভিযোগ করেন।
২৭ মে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে খায়রুলের অবস্থান সম্পর্কে পরিবারটি জানতে পারে। ভিডিওতে খায়রুল নিজেকে পরিচয় দিয়ে বলেন, তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্তের কাছে অবস্থান করছেন। তাঁর পরিচয়, শিক্ষকতা ও ভারতের নাগরিকত্ব নিয়ে ভিডিওতে পরিষ্কারভাবে বক্তব্য দেন।
আসামের বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এই জোরপূর্বক পুশ ইন প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে। বিধায়ক আমিনুল ইসলাম বলেন, “আমার নির্বাচনী এলাকা থেকেই ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার তাঁদের গ্রহণ না করায় তাঁরা এখন নো ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এটা চরম অমানবিক।”
খায়রুল ইসলামের আইনজীবী অভিজিৎ রায় বলেন, “মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা অবস্থায় কাউকে ফেরত পাঠানো রাষ্ট্রের সংবিধানবিরোধী আচরণ। এই পুশ ইন আইনের চোখে বেআইনি এবং খায়রুল ইসলামের নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।”
ঘটনার পরদিন ২৭ মে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বিবৃতিতে জানায়, আসামের দক্ষিণ সালমারা-মানকাচর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করেছিল এবং ফিরে গেছে। তবে বিবৃতিতে খায়রুল ইসলামের নাম বা অবস্থান সম্পর্কে কিছুই বলা হয়নি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ছয় মাসে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৭৭০ জনকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু মে মাসেই পেহেলগামের ঘটনার পর ৪৭০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, চলমান ‘বিদেশি শনাক্তকরণ’ প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বহু মানুষকে নাগরিকত্বহীন ঘোষণা করা হচ্ছে। এভাবে নাগরিকত্ব নিয়ে বিচারাধীন মামলার মাঝপথে কাউকে পুশ ইন করা শুধুমাত্র অসাংবিধানিকই নয়, চরম মানবিক অধিকার লঙ্ঘনের সামিল।
পর্যবেক্ষকরা বলছেন, ভারতের নাগরিকত্ব সংকট ও এনআরসি বিতর্কের এই পরিণতি শুধু দেশীয় রাজনীতিকেই উত্তপ্ত করছে না, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকার পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলছে।
এই ঘটনায় এখন পর্যন্ত আসাম রাজ্য সরকার বা বিএসএফ আনুষ্ঠানিকভাবে খায়রুল ইসলামকে বাংলাদেশে পুশ ইন করার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড়—উভয়ই ইঙ্গিত দেয়, এই ইস্যু শিগগিরই আরও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে যাচ্ছে।

