Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় থাকবে গোপন
    ফিচার

    দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় থাকবে গোপন

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি অফিসে ঘুস দাবি, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন কিংবা ক্ষমতার অপব্যবহারের তথ্য জানা থাকলে তা সরাসরি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানোর সুযোগ রয়েছে। এ জন্য কমিশনের হটলাইন ১০৬ নম্বরে ফোন করতে হবে। দেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে বিনা মূল্যে এই নম্বরে কল করা যায়। তবে সব অভিযোগ দুদকের এখতিয়ারে পড়ে না। তাই অভিযোগ জানানোর আগে কোন অপরাধে কমিশন ব্যবস্থা নিতে পারে, কীভাবে অভিযোগ করতে হয় এবং কী কী তথ্য দিতে হয়, তা জেনে নেওয়া জরুরি।

    জনসাধারণের কাছ থেকে সরাসরি দুর্নীতি ও অনিয়মের তথ্য পেতে ২০১৭ সালের ২৭ জুলাই এই হটলাইন চালু করে দুদক। সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফোনে অভিযোগ জানানো যায়। অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখার ব্যবস্থা আছে। চাইলে তাঁর বক্তব্য রেকর্ডও করা যায়। তবে হেল্পলাইনে লোকবল কম থাকায় ফোন করে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে।

    দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধের বিষয়েই অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান করে দুদক। কমিশনের ওয়েবসাইটে যেসব ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ঘুস বা উৎকোচ গ্রহণ, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সরকারি বা ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার, জালিয়াতি ও প্রতারণা এবং দায়িত্বের অপব্যবহার করে অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা। এ ছাড়া সরকারি ক্রয়, নির্মাণকাজ, উন্নয়ন প্রকল্প, শুল্ক ও রাজস্ব এবং লাইসেন্স প্রদানের মতো খাতের দুর্নীতির অভিযোগও কমিশনের বিবেচনায় আসতে পারে। কোনো ঘটনা তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না, তা অভিযোগের প্রকৃতি ও আইন বিবেচনা করে কমিশনই নির্ধারণ করে।

    কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুস চাইলে ঘুস দেওয়ার আগেই বিষয়টি দুদককে জানানো যায়। এ জন্য ১০৬ নম্বরে ফোন করা যায় কিংবা নিকটবর্তী দুদক কার্যালয়ে যোগাযোগ করা যায়। অভিযোগের সত্যতা ও পরিস্থিতি বিবেচনা করে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ঘুস গ্রহণকারীকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার ব্যবস্থাও রয়েছে। এ ধরনের অভিযোগে কখন, কোথায়, কে কত টাকা চেয়েছেন এবং কোন কাজের জন্য চেয়েছেন, তা স্পষ্টভাবে জানাতে হয়। সম্ভব হলে কথোপকথন, নথি বা অন্য প্রমাণের বিবরণও দেওয়া প্রয়োজন।

    শুধু কারও বিরুদ্ধে দুর্নীতির কথা বললেই অভিযোগ যথেষ্ট হয় না। সুনির্দিষ্ট তথ্য ও প্রাথমিক প্রমাণ থাকলে যাচাই-বাছাই সহজ হয়। দুদকের নির্দেশনা অনুযায়ী, অভিযোগে চার ধরনের তথ্য থাকা দরকার। সেগুলো হলো অভিযোগের বিস্তারিত বিবরণ ও ঘটনার সময়কাল, অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত ও প্রমাণের বিবরণ, অভিযুক্ত ব্যক্তির নাম, পদবি ও ঠিকানা এবং অভিযোগকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর। তবে পরিচয় দেওয়া বাধ্যতামূলক নয়।

    অবৈধ সম্পদের অভিযোগ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পেশা, পদবি ও ঠিকানা উল্লেখ করতে হয়। বাড়ি, ফ্ল্যাট, প্লট বা জমির অবস্থান, পরিমাণ ও আনুমানিক মূল্য জানা থাকলে তাও দেওয়া ভালো। ব্যাংক হিসাব, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার, গাড়ির নিবন্ধন নম্বর এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থান ও ধরন সম্পর্কে জানা তথ্যও দেওয়া যেতে পারে। বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন জীবনযাপনের সুনির্দিষ্ট তথ্য থাকলে তা-ও জানানো প্রয়োজন। সরকারি অর্থ আত্মসাৎ বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে কত টাকা আত্মসাৎ হয়েছে, কোন দায়িত্বে থেকে, কখন ও কীভাবে তা ঘটেছে এবং আর কারা জড়িত, সেসব বিস্তারিত লিখতে হয়।

    ১০৬ নম্বরে ফোন করলেই প্রতিটি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয় না। প্রথমে দেখা হয়, অভিযোগটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না। দুদকের নির্দেশনা অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সময় আরও কয়েকটি বিষয় গুরুত্ব পায়। অভিযোগ সুনির্দিষ্ট, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর কি না, দেওয়া তথ্য যাচাইয়ের সুযোগ আছে কি না, অভিযুক্তের বিরুদ্ধে বর্ণিত অপরাধ করার সুযোগ ও ক্ষমতা ছিল কি না এবং অভিযোগটি ব্যক্তিগত শত্রুতা বা হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা দেখা হয়। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ করে আদালতে অপরাধ প্রমাণের বাস্তব সম্ভাবনা আছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হয়। হটলাইনে পাওয়া তথ্য প্রথমে অভিযোগ হিসেবে নথিভুক্ত ও যাচাই করা হয়। এরপর অনুসন্ধানযোগ্য অভিযোগের ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ অভিযোগ জানানো আর অনুসন্ধান শুরু হওয়া এক বিষয় নয়।

    ফোনের পাশাপাশি লিখিতভাবেও অভিযোগ পাঠানো যায়। রাজধানীর ১ সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া যায়। বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবরও অভিযোগ দেওয়া যায়। যে এলাকার ঘটনা, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠানোরও সুযোগ আছে। দুদকের ৩৬টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে। এগুলো হলো ঢাকা-১, ঢাকা-২, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, পিরোজপুর, চাঁদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, নওগাঁ, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম।

    এ ছাড়া chairman@acc.org.bd ঠিকানায় ইমেইলের মাধ্যমে এবং কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজ ‘Anti-Corruption Commission – Bangladesh’-এর মাধ্যমেও অভিযোগ জানানো যায়। লিখিত অভিযোগে ঘটনার বিস্তারিত বিবরণ, সময়কাল, অভিযুক্তের নাম, পদবি ও ঠিকানা এবং প্রমাণের বিবরণ থাকতে হয়। প্রাসঙ্গিক কাগজপত্রের অনুলিপিও সঙ্গে দেওয়া যায়।

    তথ্যদাতার নিরাপত্তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৮খ ধারায় তফসিলভুক্ত অপরাধের তথ্যদাতার নাম, ঠিকানা বা পরিচয় প্রকাশ না করার সুরক্ষা দেওয়া হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার বিষয়টি আদালতে প্রমাণিত হলে অথবা ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন হলে আইনে ব্যতিক্রমের সুযোগ রয়েছে।

    দুদক সব সময় ব্যক্তিগত অভিযোগের অপেক্ষায় থাকে না। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা নিজস্ব উদ্যোগে পাওয়া তথ্যের ভিত্তিতেও কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে। তাই দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য জানা থাকলে তা কমিশনকে জানানো নাগরিক দায়িত্বের অংশ হতে পারে। তবে অনুমান, গুজব কিংবা ব্যক্তিগত বিরোধকে দুর্নীতি হিসেবে উপস্থাপন করা উচিত নয়। অভিযোগের পক্ষে যত বেশি নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ থাকবে, যাচাই-বাছাইয়ে তা তত বেশি কাজে আসবে।

    সব মিলিয়ে ১০৬ হটলাইন সাধারণ মানুষের জন্য দুর্নীতির তথ্য জানানোর একটি সহজ ও বিনা মূল্যের পথ। তবে অভিযোগের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে তথ্যের সুনির্দিষ্টতা ও প্রমাণের ওপর। লোকবল সংকটে হটলাইনে অপেক্ষার সময় বেড়ে যাওয়া এই ব্যবস্থার একটি বাস্তব সীমাবদ্ধতা। তাই প্রয়োজনে লিখিত বা অনলাইন মাধ্যম ব্যবহার করাও কার্যকর বিকল্প হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও ক্যামেরা

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় বসেছিল আমেরিকান কলেজ অব সার্জনসের সম্মেলন

    নভেম্বর 22, 2026
    বাণিজ্য

    এসএমই পণ্য মেলায় প্রধানমন্ত্রী, ৩৮০ উদ্যোক্তার পণ্য নিয়ে সাজল আগারগাঁও

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.