কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তহবিল সংকটের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। গত রবিবার কক্সবাজারে ইউনিসেফ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ইউনিসেফ জানায় তহবিলের অভাবে শরণার্থী শিশুদের জন্য জরুরি মৌলিক শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিসেফ কক্সবাজার অফিসের প্রধান এঞ্জেলা কার্নে বলেন সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় তহবিল উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে শিক্ষাকেন্দ্রগুলোতে ভর্তি ৮৩ শতাংশ শিশুর শিক্ষা কার্যক্রম ঝুঁকিতে পড়েছে।
তহবিল ঘাটতির কারণে ইউনিসেফকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবক শিক্ষকদের সহায়তা স্থগিত করা। আগামী ৩০ জুনের মধ্যে ১,১৭৯ জন স্বেচ্ছাসেবক শিক্ষকের সঙ্গে চুক্তি শেষ হবে। এই সংকট শুধু রোহিঙ্গা শিবিরেই সীমাবদ্ধ নয় বরং সিরিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ার মতো বিশ্বের অন্যান্য শরণার্থী শিবিরেও ইউনিসেফের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক সংস্থা এবং দাতাদের প্রতি রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইউনিসেফের কর্মকর্তারা জানান নতুন তহবিল সংগ্রহ করা গেলে রোহিঙ্গা শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

