ছয় বছরেরও বেশি সময় পর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (৯ আগস্ট)। নানা শঙ্কা কাটিয়ে আয়োজিত এই কাউন্সিল ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ড্যাবের এবারের শীর্ষ পাঁচটি পদের জন্য দুটি প্যানেলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক সভাপতি ডা. হারুন আল রশিদ ও ডা. জহিরুল ইসলাম শাকিল এবং অপর প্রাক্তন সভাপতি ডা. এ কে এম আজিজুল হক ও ডা. আব্দুস শাকুর—এই দুই জুটির নেতৃত্বে গঠিত প্যানেলগুলো এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি।
নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে পরিচিতি সভা, ব্যানার-ফেস্টুন, প্রচার ইত্যাদি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ড্যাবের মোট ৩ হাজার ১৫০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ড্যাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার।
দুটি প্যানেলে কারা কারা?
হারুন-শাকিল প্যানেল:
- সভাপতি: অধ্যাপক ডা. হারুন আল রশিদ
- মহাসচিব: ডা. জহিরুল ইসলাম শাকিল
- সিনিয়র সহসভাপতি: ডা. আবুল কেনান
- কোষাধ্যক্ষ: ডা. মো. মেহেদী হাসান
- সিনিয়র যুগ্ম মহাসচিব: ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু
আজিজ-শাকুর প্যানেল:
- সভাপতি: অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক
- মহাসচিব: ডা. আব্দুস শাকুর খান
- সিনিয়র সহসভাপতি: ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান
- কোষাধ্যক্ষ: ডা. তৌহিদ উল ইসলাম জন
- সিনিয়র যুগ্ম মহাসচিব: ডা. আবু মো. আহসান ফিরোজ
গতকাল বৃহস্পতিবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে হারুন-শাকিল প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তারা বলেন, ড্যাবকে একটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের সংবাদ সম্মেলনে ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির তালিকা নিয়ে অসঙ্গতির অভিযোগ আনা হয়। তারা পাঁচ দফা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
সর্বশেষ ২০১৯ সালের ২৪ মে অনুষ্ঠিত কাউন্সিলে হারুন-সালাম প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়। ২০২৪ সালের ২৫ মে সেই কমিটির মেয়াদ শেষ হলে ১২ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে বিএনপি। নানা জটিলতায় নির্ধারিত সময় পার হয়ে গেলেও অবশেষে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
প্রার্থীদের বক্তব্য-
অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, “মহামারিকালেও আমরা দায়িত্ব পালন করেছি, প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছি। আশা করি, ভোটাররা আমাদের কাজের মূল্যায়ন করবেন।”
অধ্যাপক ডা. আজিজুল হক বলেন, “আমরা অল্প সময়ের মধ্যে প্রচারণা শেষ করেছি। এবার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
১৯৮৯ সালে ডা. জাকির হোসেন ও ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে ড্যাবের যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি বিএনপির রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। দীর্ঘ বিরতির পর ড্যাবের কাউন্সিল হচ্ছে, তাই নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট উত্তেজনা কাজ করছে।

