৫ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর অন্যান্য জেলায় এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।”
তিনি আরও জানান, একই দাবিতে একাধিক রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারে। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের পাঁচ দফা দাবি হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

