পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয়। তাঁর মতে, উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ওজোনস্তর সুরক্ষায় বৈশ্বিক অগ্রগতি এসেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ‘ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’ শীর্ষক বিশ্ব ওজোন দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওজোনস্তর ক্ষয়ের কারণে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ একসময় বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছিল। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো আন্তর্জাতিক আইন এবং উন্নত দেশগুলোর সক্রিয় সহযোগিতার কারণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
তিনি বলেন, এটি প্রমাণ করে রাজনৈতিক সদিচ্ছা থাকলে বৈশ্বিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাতেও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য।
তাঁর ভাষায়, ‘আমরা চাই, সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে তা কার্যকর পদক্ষেপে রূপান্তর করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

