উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় নতুন এক লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এটি শক্তি সঞ্চয় করলে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি জানায়, বঙ্গোপসাগরে বর্তমানে নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস, যা ঘূর্ণিঝড় গঠনে সহায়ক। তবে মাঝারি থেকে উচ্চ ভার্টিক্যাল উইন্ড শিয়ার থাকায় এটি সম্ভবত ঘূর্ণিঝড়ে রূপ নেবে না এবং সর্বোচ্চ মৌসুমি নিম্নচাপ হিসেবে সীমাবদ্ধ থাকতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই নিম্নচাপ ২৭ সেপ্টেম্বর দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪৫-৫৫ কিমি/ঘণ্টা হতে পারে, যা দমকা হাওয়ার সঙ্গে ৬৫-৭৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে।
নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সহ দক্ষিণ-মধ্য ভারতের অভ্যন্তরীণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে সরাসরি প্রভাব না পড়লেও দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

