ছয় পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের দুই উপমহাপরিদর্শককে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আকরাম হোসেনকে অতিরিক্ত মহাপরিদর্শক, গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঢাকায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে অতিরিক্ত মহাপরিদর্শক, গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ ছাড়া উপমহাপরিদর্শক মো. সায়েদুর রহমান, মো. ইসরাইল হাওলাদার, মো. ইকবাল হোসেন এবং মো. কামরুল আহসানকে অতিরিক্ত মহাপরিদর্শক, গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির আগে সায়েদুর রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, ইসরাইল হাওলাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ইকবাল হোসেন পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক এবং কামরুল আহসান পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-ই-আলমের সই করা এক আদেশে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক ড. মোহাম্মদ আবদুল কাদেরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

