নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, পরিবহন ও সংরক্ষণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপন কান্তি ঘোষ বলেন, ‘নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বিশেষ সংরক্ষণ অভিযানও চলবে।
নিষেধাজ্ঞা ভঙ্গ করলে শাস্তি হবে। এজন্য এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

