দেশের শীর্ষস্থানীয় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঈন উল্লাহ চৌধুরীকে নিয়োগ দিয়েছে। মঈনের হাতে রয়েছে ১৫ বছরেরও বেশি সময়ের মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায় নেতৃত্বের অভিজ্ঞতা।
মঈন ২০১৮ সালে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হন। এই পদে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মঈনের ক্যারিয়ার শুরু হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে, যেখানে তিনি টেরিটরি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। এরপর তিনি বিকাশে হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্ট পদে কাজ করেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব এবং কার্যকর ব্যবসায়িক ফলাফল অর্জনে তিনি পরিচিত।
মঈনের নিয়োগের প্রসঙ্গে কোকা-কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়া (আইএনএসডব্লিউএ)-এর সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, “মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। তার বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর জ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেবে।”
নিজের নিয়োগ সম্পর্কে মঈন উল্লাহ চৌধুরী বলেন, “দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) বেভারেজ ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহী। গ্রাহক ও কমিউনিটিগুলোর সঙ্গে মিলিত হয়ে আমরা আরও বড় প্রভাব সৃষ্টি করতে এবং বাংলাদেশের বাজারে আরও প্রবৃদ্ধি নিয়ে আসতে চাই।”
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) মূল প্রতিষ্ঠান দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এই কোম্পানি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার সিসিবিবিএল ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলেসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।

