জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক বৈঠকে মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সিদ্ধান্তের বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মোট অর্থায়নের বড় অংশই সরকারি উৎস থেকে আসবে—১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা। এর বাইরে উন্নয়ন সহযোগীদের ঋণ হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ৬০৯ কোটি ৭৩ লাখ টাকা, আর প্রকল্প-সম্পৃক্ত সংস্থাগুলোর নিজস্ব তহবিল যোগ হবে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, ১৮টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৩টি এবং বাকি পাঁচটি প্রকল্প সংশোধিত। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন খাতের অবকাঠামো, সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

