ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত দাখিলা, খতিয়ান ও ডিসিআর নকল করে সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতারণা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় এই ধরনের সংঘবদ্ধ প্রতারণা নিয়ে সতর্ক করেছে।
মন্ত্রণালয় জানাচ্ছে, প্রতারকরা সরকারি QR কোডের অনুরূপ কোড সংযুক্ত করে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি লেনদেনে প্রতারণা করছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের জালিয়াতি আইন অনুযায়ী দণ্ডনীয়। ভুয়া দাখিলা, খতিয়ান বা ডিসিআর তৈরি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিকদের নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় চালু করেছে “ভূমি ” নামে একটি সরকারি মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআরের QR কোড স্ক্যান করে তথ্যের সত্যতা যাচাই করা যাবে।
ডাউনলোড লিংক:
মন্ত্রণালয় স্পষ্ট জানাচ্ছে, সরকারি কাগজপত্র যাচাইয়ের জন্য অন্য কোনো QR স্ক্যানার ব্যবহার না করে শুধুমাত্র “ভূমি” অ্যাপ ব্যবহার করতে হবে। QR স্ক্যানের সময় কোনো ত্রুটি, অস্পষ্টতা বা সন্দেহজনক তথ্য দেখা দিলে তাৎক্ষণিকভাবে হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে হবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাল দলিল বা ভুয়া ভূমি কাগজপত্রের মাধ্যমে প্রতারণা প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

