ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।
রোববার এই নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে। দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজ্জাত হোসেন আদালতে আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদ তার ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ রয়েছে, তিনি ব্যংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইতে ব্যবসা ও বাড়ি কিনেছেন। বর্তমানে এই বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আনিস আহমেদ সহযোগী হিসাবে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে আদালত তার বিদেশ যাত্রা সীমিত করেছেন।

