আদালতের আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট রুল জারি করেছেন।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। দীর্ঘ সময় পার হলেও সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

