নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে। ওই সময় ভোটকেন্দ্রগুলোর বুথ কক্ষে আগুন জ্বলে ওঠে।
আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে কেন্দ্রগুলো রক্ষা পায়।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি ভোটকেন্দ্রের বুথ কক্ষের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

