ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম পুরুষদের আবেদন গ্রহণ করার নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রুল ঘোষণা করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রুলের বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রুলে হাইকোর্ট সরকারি ও বেসরকারি সব কর্মস্থলে লিঙ্গ ও ধর্মভিত্তিক বৈষম্যহীন নিয়োগ নীতি তৈরি ও বাস্তবায়নের বিষয়ে কেন আদেশ দেবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
গত ২৬ জানুয়ারি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলিম আবেদনকারীদের জন্য প্রার্থিতা খোলা রাখার শর্ত দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি বৈষম্যমূলক দাবি করে আইনজীবী অনামিকা নাহরিন জনস্বার্থে রিট করেন।
ব্যারিস্টার সারা হোসেন জানান, হাইকোর্টের রুলে সরকার ও ইবনে সিনা কর্তৃপক্ষকে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে—
১. নিয়োগ বিজ্ঞপ্তির বৈষম্যমূলক শর্তগুলো তদন্ত করে প্রত্যাহার ও প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া,
২. সব ধরনের নিয়োগে বৈষম্যহীন নীতি তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা, এবং
৩. তিন মাসের মধ্যে আদালতে নিয়োগ ব্যবস্থা ও নেওয়া পদক্ষেপের প্রতিবেদন জমা দেওয়া।

